1
প্রয়াত সঙ্গীতজ্ঞ রাধাকৃষ্ণ পোদ্দারের স্মরণসভায় শিল্পীর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন
৯৩ বছর বয়সে প্রয়াত হলেন বর্ধমানের বিশিষ্ট সঙ্গীতজ্ঞ রাধাকৃষ্ণ পোদ্দার। তাঁর স্মরণে হিন্দুস্তান আর্ট অ্যান্ড মিউজিক সোসাইটি, ভারত সংস্কৃতি উৎসব এবং অন্তরা সঙ্গীত বিদ্যালয়-এর উদ্যোগে বর্ধমান পান্থশালায় এক স্মরণসভার আয়োজন করা হয়েছিল। এই সভায় উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার, বিশিষ্ট আইনজীবী তথা কাউন্সিলর অরূপ দাস, প্রবীণ সঙ্গীতজ্ঞ নেপাল আঢ্য, বিশ্বখ্যাত সন্তুর বাদক সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কার প্রাপ্ত শিল্পী বঙ্গভূষণ পন্ডিত তরুণ ভট্টাচার্য, বিশিষ্ট তবলা বাদক মানিক মজুমদার, প্রবীণ সঙ্গীতজ্ঞ গোলাম ইমাম,রাধাকৃষ্ণ পোদ্দারের সুযোগ্য ছাত্র সত্যজিৎ পাল, সেতার বাদক সন্দীপ নন্দী, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব দেবেশ ঠাকুর, বিশিষ্ট ওডিসি নৃত্যশিল্পী গুরু ডঃ সঞ্চিতা ভট্টাচার্য, সঙ্গীত রসিক শ্যামল দাস প্রমুখ।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনেরা প্রত্যেকেই প্রয়াত সঙ্গীতজ্ঞ রাধাকৃষ্ণ পোদ্দারের বর্ণময় জীবনের নানা দিক তুলে ধরেন। অনুষ্ঠানের প্রথমে সেতারে রবীন্দ্র সংগীত পরিবেশন করেন সন্দীপ নন্দী। সেতার বাজান বিশিষ্ট শিল্পী সত্যজিৎ পাল। সন্তুর পরিবেশন করেন পন্ডিত তরুণ ভট্টাচার্য। তাঁর সঙ্গে তবলা পরিবেশন করেন বিশিষ্ট তবলা বাদক ও এই অনুষ্ঠানের আয়োজক সংস্থার সম্পাদক তথা রাধাকৃষ্ণ পোদ্দারের সুযোগ্য পুত্র প্রসেনজিৎ পোদ্দার ও নাতি উদীয়মান তবলা বাদক রিদিম পোদ্দার। এদিনের এই ভাবগম্ভীর অনুষ্ঠানটি অত্যন্ত সুচারুভাবে সঞ্চালনা করেন বিশিষ্ট সাংবাদিক, সঞ্চালক, কবি ও সঙ্গীত শিল্পী শ্যামাপ্রসাদ চৌধুরী।
2
শহর বর্ধমানে মা-এর জন্য রক্তদান কর্মসূচী
বর্ধমান দুর্গাপূজো সমন্বয় সমিতির উদ্যোগে মায়ের জন্য রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হলো। স্থানীয় কল্পতরু ময়দান প্রাঙ্গণে আয়োজিত এই চতুর্থ বর্ষ রক্তদান কর্মসূচীতে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী অজ্ঞেয়ানন্দজী, বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস, সদর মহকুমা শাসক তীর্থঙ্কর বিশ্বাস, সমাজসেবী স্বরাজ ঘোষ প্রমুখ। এ প্রসঙ্গে এদিন বিধায়ক খোকন দাস বলেন, দুর্গোৎসবকে সামনে রেখে প্রতিবছরের মতো এ বছরও মায়ের জন্য রক্তদান কর্মসূচীর আয়োজন করা হয়েছে। দুর্গাপুজো সমন্বয় সমিতির পক্ষ থেকে কলকাতাতেও এই উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রক্তদান কর্মসূচীর আয়োজন যেমন করা হয়েছে, তেমনই তার শাখা হিসেবে বর্ধমান দুর্গাপূজো সমন্বয় সমিতির পক্ষ থেকেও এই রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হলো। খোকন দাস বলেন, এই গরমের সময় প্রতিবছরই বিভিন্ন হাসপাতালে ব্লাড ব্যাংকে রক্তের সংকট দেখা দেয়। এই সংকট নিরসনে মা দুর্গাকে স্মরণে রেখে এখানে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। ৫০০ জন রক্তদাতা এই রক্তদান শিবিরে রক্তদান করেছেন।
এর পাশাপাশি এদিন এখানে কল্পতরু ময়দান প্রাঙ্গনে সুইমিংপুলে প্রশিক্ষার্থীদের জন্য একটি পানীয় জল প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খোকন দাস। তারই আর্থিক সহযোগিতায় এই প্রকল্প এখানে কার্যকর হয়েছে বলে জানা যায়।
3
শুরু হলো প্রথম ডিভিশন ফুটবল লিগ
বর্ধমানে এই মরশুমে প্রথম ডিভিশন ফুটবল লীগের প্রথম খেলা অনুষ্ঠিত হলো। এই খেলায় অংশ নেয় নীতু স্মৃতি সংঘ ও বাইমা। খেলার শুরুতেই খেলোয়াড়দের সঙ্গে সৌজন্য বিনিময় করেন বর্ধমান ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট তথা প্রাক্তন বিধায়ক উজ্জ্বল প্রামাণিক। উপস্থিত ছিলেন জয়দেব মুখার্জী সহ অন্যান্য কর্মকর্তারা। উজ্জ্বল প্রামাণিক বলেন, মাঠে প্রথম ডিভিশন ফুটবল লীগের খেলা শুরু হল। মূলত খেলোয়াড়দের উৎসাহিত করার জন্যই এদিন আমরা মাঠে তাদের সঙ্গে পরিচিত হই। এই খেলোয়াড়রাই আগামী দিনে পূর্ব বর্ধমান জেলার মুখ উজ্জ্বল করবেন। তারা যাতে আরও ভালো করে খেলায় মনোনিবেশ করেন, সেই প্রত্যাশা নিয়েই আমরা এদিন সকলে মাঠে উপস্থিত থেকেছি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খেলার প্রসারে সবসময় অগ্রণী ভূমিকা নিয়েছেন। আমরাও চাই খেলার মাঠের প্রতি যেন তরুণ প্রজন্মের আকর্ষণকে ধরে রাখা যায়।


