বর্ধমানে অনুষ্ঠিত হলো গুণমণি রায়ের স্মরণ সভা|আন্তর্জাতিক শিশু দিবসে শিশু – কিশোর ও মায়েদের নিয়ে অনুষ্ঠান|বিশ্ব বাইসাইকেল দিবসকে কেন্দ্র করে মিনি সাইক্লোথন


1
বর্ধমানে অনুষ্ঠিত হলো গুণমণি রায়ের স্মরণ সভা

শহীদ গুণমণি রায়ের স্মরণ সভা অনুষ্ঠিত হলো বর্ধমানের কোটালহাটে। ১৯৭১ সালে ৩ জুন বামপন্থী ঘাতকদের হাতে নিহত হন গুণমণি রায়। তার এই মৃত্যু দিনটিকে স্মরণে রেখে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজিত এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস, প্রাক্তন বিধায়ক তথা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক উজ্জ্বল প্রামাণিক, বর্ধমান পৌরসভার এমসিআইসি সুশান্ত প্রামাণিক, কাউন্সিলর অনুপ আচার্য ও ইন্তেখাব আলম, বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় সিংহ রায় সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্ববৃন্দ।
বিধায়ক খোকন দাস বলেন, গুণমণি রায়কে স্মরণ করার মধ্যে দিয়ে আমাদের মানুষের কল্যাণে কাজ করার যে প্রচেষ্টা তাকে এগিয়ে নিয়ে যেতে হবে। কারণ এই শহীদরাই আমাদের কাজের অন্যতম অনুপ্রেরণা। উজ্জ্বল প্রামাণিক বলেন, ৭০ এর দশকে বামপন্থী ঘাতকদের হাতে বর্ধমানে যে সমস্ত কংগ্রেস নেতৃত্ব খুন হয়েছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন গুণমণি রায়। তার মতো মানুষকে স্মরণ করার মধ্যে দিয়ে আসুন আমরা আগামী দিনে সুস্থ সমাজ গঠনের পথ তৈরী করি। এই রাজ্যকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্পে ব্রতী হই।

2
আন্তর্জাতিক শিশু দিবসে শিশু – কিশোর ও মায়েদের নিয়ে অনুষ্ঠান

১ জুন আন্তর্জাতিক শিশু দিবস উপলক্ষ্যে বর্ধমান ফিজিক্যাল কালচারাল সেন্টারের উদ্যোগে তিন দিনব্যাপী নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই উপলক্ষ্যে শিশু কিশোরদের যোগাসন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং মায়েদের যোগাসন প্রতিযোগিতা,সলিল স্মৃতি সমবেত নৃত্য ইত্যাদি অনুষ্ঠিত হয় শাঁখারী পুকুর হাউসিং প্রাইমারী স্কুল প্রাঙ্গণে। ২৪০ জন শিশু-কিশোর এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। উপস্থিত মায়েরা সুখাদ্য শিবিরের আয়োজন করেন। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সনৎ বক্সী। আয়োজক সংস্থার প্রতিষ্ঠাতা সম্পাদক গৌতম মজুমদার বলেন, প্রতিবছর আন্তর্জাতিক শিশু দিবসকে কেন্দ্র করে শিশু কিশোরদের নিয়ে নানান সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ বছরও এই অনুষ্ঠানে শিশু কিশোরদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

3
বিশ্ব বাইসাইকেল দিবসকে কেন্দ্র করে মিনি সাইক্লোথন

বিশ্ব বাইসাইকেল দিবসের প্রাক্কালে পরিবেশ সংরক্ষণ ও সুস্থায়ী পরিবেশ ও সুস্বাস্থ্যের বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হলো। এই উদ্যোগ গ্রহণ করলো পূর্ব বর্ধমান সাইক্লিং ক্লাব ও স্বেচ্ছাসেবী সংস্থা স্টার্ট আপ ফাউন্ডেশন। কেন্দ্রীয় ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের অধীন মাই ভারত ও ফিট ইন্ডিয়া সহ বিভিন্ন বেসরকারি সংস্থার সহযোগিতায় বর্ধমানে “পেডাল ফর প্ল্যানেট – সানডেস অন সাইকেল” শীর্ষক ৫ কিলোমিটার দীর্ঘ মিনি-সাইক্লোথন অনুষ্ঠিত হলো। বর্ধমান শহরের কোর্ট কম্পাউন্ড থেকে শুরু হয়ে বড়নীলপুর মোড় ঘুরে সংস্কৃতি লোকমঞ্চের সামনে এই সাইকেল যাত্রা শেষ হয়। আয়োজকদের তরফে সন্দীপন সরকার জানান ” সাইকেল সচেতনতা প্রসারে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ২১৯ জন কিশোর , ১৪৭জন মহিলা সহ সর্বমোট ৬৩৯ জন অংশগ্রহণ করেন এই সাইকেল যাত্রায়। বিভিন্ন স্কুল কলেজের এন.সি.সি , এন.এস.এস সদস্যরা সহ সমাজের বিভিন্ন স্তরের বহু সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিন সানডেস অন সাইকেল যাত্রার উদ্বোধন করেন জেলা পুলিশের উপ আরক্ষ্যাধ্যক্ষ পার্থ রায় ও এভারেস্ট জয়ী সৌমেন সরকার। ছিলেন মাই ভারতের জেলা সমন্বয়কারী উত্তরা বিশ্বাস, স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার জেলা সমন্বয়কারী লালহুন হুলওয়া, বিশিষ্ট চিকিৎসক চন্দ্রজিৎ কুন্ডু সহ বিশিষ্টজনেরা। এদিন একইসাথে পূর্ব বর্ধমান জেলার ৯টি ভিন্ন স্থান সহ রাজ্যের মোট ২২টি জায়গায় পূর্ব বর্ধমান সাইক্লিং ক্লাব ও স্বেচ্ছাসেবী সংস্থা স্টার্ট আপ ফাউন্ডেশন-এর উদ্যোগে এই সাইকেল যাত্রা অনুষ্ঠিত হয়। সর্বমোট প্রায় আট হাজার সাইকেল আরোহী এই সাইকেল যাত্রায় বিভিন্ন প্রান্তে অংশ নেন।