আমার পাঠশালার উদ্যোগে কবি প্রণাম অনুষ্ঠান I এসএফআই পূর্ব বর্ধমান জেলা প্রথম আদিবাসী ছাত্র কনভেনশন

1
আমার পাঠশালার উদ্যোগে কবি প্রণাম অনুষ্ঠান

প্রতি বছরের মতো এবছরও ২৫ শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শুভ জন্মদিন উপলক্ষ্যে বর্ধমানের নবাবহাট সংলগ্ন তালপুকুরে আমার পাঠশালা প্রাঙ্গণে পালিত হলো কবি প্রণাম অনুষ্ঠান। একইসঙ্গে এদিন এখানে পুষ্টির দিশা কর্মসূচী এবং কৃতী ছাত্রছাত্রী সংবর্ধনা অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। অনুষ্ঠানে কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে বিশ্বকবির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয় l এছাড়াও দারিদ্র্যকে জয় করে ২০২৫ সালের মাধ্যমিকে ৬৬৮ নম্বর পেয়ে উল্লেখযোগ্য ভাবে সফল হওয়া বর্ধমানের আদর্শ বিদ্যালয়ের ছাত্র রামিজ রাজাকে সংবর্ধনা প্রদান করা হয় l আমার পাঠশালার ৬০ জন শিশু এবং প্রবীণদের মধ্যে আম, কলা, খেজুর, শসা ও লাড্ডু সহযোগে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়। পুষ্টির দিশা কর্মসূচীর মাধ্যমে এই কাজ করা হয়। আমার পাঠশালার সম্পাদক সন্দীপ পাঠক বলেন, কবিগুরুর জন্মদিনে আমার পাঠশালার পক্ষ থেকে তাঁকে আমরা বিনম্র চিত্তে শ্রদ্ধা জানাই, নতমস্তকে প্রণাম করি। সেই সঙ্গে দারিদ্র্যকে জয় করে এ বছরের মাধ্যমিক পরীক্ষায় উল্লেখযোগ্য সাফল্য অর্জনের জন্য রামিজ রাজাকে আন্তরিক শুভেচ্ছা জানাই।
তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই। অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট বাচিক শিল্পী ও সঞ্চালক শ্যামাপ্রসাদ চৌধুরী এবং বিশিষ্ট কবি শেখ জাহাঙ্গীর। তারা সকলেই এই ছাত্রের জন্য শুভ কামনা করেন।

2
এসএফআই পূর্ব বর্ধমান জেলা প্রথম আদিবাসী ছাত্র কনভেনশন

বর্তমান সময়ে সংকটময় পরিস্থিতিতে ভারতের ছাত্র ফেডারেশন বলছে আলাদা লড়াই নয় সংগঠিত ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত করতে হবে আদিবাসী ছাত্রছাত্রীদের গলার স্বর।
তাই ১। আদিবাসী অধ্যুষিত এলাকার স্কুল ও কলেজে মাতৃভাষায় (সাঁওতালি) শিক্ষার অধিকার সুনিশ্চিত করতে হবে ।
২। সরকারি অনুদান থেকে আদিবাসী ছাত্রছাত্রীদের বঞ্চিত করা যাবে না। মেধার ভিত্তিতে স্কলারশিপ চালু করতে হবে । ওয়েসিস স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে জটিলতা কমাতে হবে।
৩। জাতিগত শংসাপত্র পাওয়ার ক্ষেত্রে হয়রানি বন্ধ করতে হবে।
৪। শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সংরক্ষণের উপযুক্ত ব্যবস্থা করতে হবে।
৫। আদিবাসী সংস্কৃতি, ভাষা ও ইতিহাসকে পাঠক্রম থেকে বাদ দেওয়া চলবে না।
‎৬ । সামাজিক সুরক্ষা সুনিশ্চিত করতে হবে ।‎
৭। দেশজুড়ে আদিবাসীদের জল-জমিন- জঙ্গলের অধিকার সুরক্ষিত করতে হবে। দেউচা পাঁচামী সহ দেশজুড়ে উন্নয়নের নামে পরিবেশ ধ্বংস করে আদিবাসীদের বাসস্থান থেকে উচ্ছেদ করা চলবে না। উচ্ছেদ হওয়াদের উপযুক্ত পুনর্বাসন দিতে হবে।
‎এই সমস্ত দাবিকে সামনে রেখে আগামী ১লা জুন) মশাগ্রামে ভারতের ছাত্র ফেডারেশন পূর্ব বর্ধমান জেলা প্রথম আদিবাসী ছাত্র কনভেনশন হতে চলেছে। এই উপলক্ষ্যে ৯ মে আদিবাসী ছাত্র কনভেনশনের লোগো উন্মোচন করা হল। উপস্থিত ছিলেন এসএফআই পূর্ব বর্ধমান জেলা কমিটির সম্পাদক উষসী রায় চৌধুরী, সভাপতি প্রবীর ভৌমিক, রাজ্য কমিটির সদস্য অয়ন মণ্ডল, জেলা কমিটির সদস্য শ্যামল মুর্মু সহ অন্যান্য জেলা সম্পাদকমন্ডলী ও জেলা কমিটির সদস্যরা। উষসী বলেন, এই সম্মেলনকে সফল করার জন্য এখন থেকেই সবরকম ভাবে উদ্যোগ গ্রহণ করা হয়েছে।