জীবনদায়ী ওষুধের মূল্যবৃদ্ধিতে খণ্ডঘোষে প্রতিবাদ কর্মসূচী II ভোটার তালিকা নিয়ে পর্যবেক্ষণে একটানা পথে কাউন্সিলার II রাম নবমীর পুজো দিয়ে সম্প্রীতির নজির মেহেমুদের


1
জীবনদায়ী ওষুধের মূল্যবৃদ্ধিতে খণ্ডঘোষে প্রতিবাদ কর্মসূচী

জীবনদায়ী ওষুধের মূল্যবৃদ্ধির ফলে শুধুমাত্র নির্দিষ্ট কিছু অংশের মানুষ ক্ষতির শিকার হবেন তেমনটা নয়। এর প্রভাব পড়বে শহর থেকে গ্রাম সর্বত্র। সব অংশের সব শ্রেণীর মানুষের জীবন নির্বাহের ক্ষেত্রে এক কঠিন পরিস্থিতি তৈরী হবে। কারণ ওষুধ ছাড়া অসুস্থ মানুষের বেঁচে থাকা সম্ভব নয়। কিন্তু ওষুধই যদি মানুষ কিনতে না পারেন মূল্যবৃদ্ধির কারণে, তখন তার সামনে এক কঠিন দিন অপেক্ষা করে থাকবে। আর সেটা উপলব্ধি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তিনি জীবনদায়ী ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের প্রত্যেক নেতৃত্ব ও কর্মীদের পথে নেমে আন্দোলন করতে বলেছেন। আমরা তাঁর সেই আহ্বানে সাড়া দিয়ে খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখানে প্রতিবাদ মিছিল সংগঠিত করলাম বলে উল্লেখ করলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ তথা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব ইসলাম। তিনি বলেন মানুষের স্বার্থে আমরা সব সময় পথে নেমে আন্দোলন করবো। জীবনদায়ী ওষুধের মূল্যবৃদ্ধি কোনোভাবেই কাম্য নয়।

2
ভোটার তালিকা নিয়ে পর্যবেক্ষণে একটানা পথে কাউন্সিলার

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শহর থেকে গ্রাম সর্বত্র ভোটার তালিকা নিয়ে পর্যবেক্ষণের কাজ করছেন তৃণমূলের নেতৃত্ব ও কর্মীরা। এই কাজ চলছে শহর বর্ধমানেও। এই শহরের ২৯ নম্বর ওয়ার্ডে একটানা প্রতিদিন ভোটার তালিকা নিয়ে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘুরছেন স্থানীয় কাউন্সিলর তথা পৌরসভার এমসিআইসি সুশান্ত প্রামাণিক। তিনি বলেন, এলাকায় ভোটার তালিকায় যাতে কোনোভাবে ভুতুড়ে ভোটারদের নাম ঢুকে না থাকে তারজন্যই ধারাবাহিক এই পর্যবেক্ষণের কাজ চলছে। এই কাজে স্থানীয় তৃণমূলের নেতৃত্ব ও কর্মীরা প্রত্যেকেই পথে নেমে মানুষের ঘরে ঘরে যাচ্ছেন। আমরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলছি। কোথাও ভোটার তালিকায় যাতে অনৈতিকভাবে ভিন রাজ্যের ভোটারদের নাম ঢুকে না যায় তারজন্যই এ বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।

3
রাম নবমীর পুজো দিয়ে সম্প্রীতির নজির মেহেমুদের

পূর্ব বর্ধমান জেলার জামালপুরে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির দেখা গেল। রাম নবমী হলো পরম পুরুষ মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের জন্ম তিথী। বরাবরই পশ্চিমবঙ্গে নিষ্ঠার সঙ্গে পালন করা হয় এই দিনটি। এদিন জামালপুরে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মেহেমুদ খান পারাতল ১ পঞ্চায়েতের অন্তর্গত হিরন্যগ্রামে রাম নবমীর পুজো দিয়ে সম্প্রীতির নজির গড়লেন। সারা ভারতবর্ষ জুড়ে ধর্ম নিয়ে যে হানাহানি শুরু হয়েছে, যে অসহিষ্ণুতার আবহ তৈরী করা হচ্ছে তা ভারতবর্ষের সংস্কৃতির পরিপন্থী। পশ্চিমবঙ্গেও এক অশান্তির আবহ তৈরী করা হচ্ছে। সেই জায়গা থেকে একজন মুসলমান হয়েও হিন্দুদের পুজোয় মেহেমুদ খানের অংশগ্রহণ সত্যি সম্প্রীতির আবহ তৈরী করে। তার সঙ্গে ছিলেন ওই অঞ্চলের উপ – প্রধান উত্তম হাজারী, বটু নন্দী সহ অন্যান্যরা। মেহেমুদ খান বলেন, পশ্চিমবঙ্গের কৃষ্টি সংস্কৃতি ধর্মের ক্ষেত্রে সহনশীলতার কথা বলা হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ধর্ম যার যার উৎসব সবার। আর শ্রী রামচন্দ্র সকলের ভগবান। তিনি প্রার্থনা করলেন ধর্মকে নিয়ে যে খেলায় মেতেছে বিজেপি তা যেন বন্ধ হয়। শ্রী রামচন্দ্র সকলের মঙ্গল করুন। বাংলার সর্বত্র মানুষ সুখে থাকুন।