1
বর্ধমানে শুধু হয়েছে চতুর্থ সৃষ্টিশ্রী মেলা
২৩ ফেব্রুয়ারি থেকে বর্ধমানের সাধনপুর বিবেকানন্দ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শুরু হয়েছে চতুর্থ সৃষ্টিশ্রী মেলা। এই মেলা চলবে, আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। এই মেলার উদ্বোধনী পর্বে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী প্রদীপ মজুমদার ও স্বপন দেবনাথ। ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, সদর মহকুমা শাসক তীর্থঙ্কর বিশ্বাস, বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কাকলি তা গুপ্ত, বিধায়ক নিশীথ মালিক, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল সহ জেলা পরিষদের কর্মাধ্যক্ষবৃন্দ। এদিন প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। (পজ্)
এই অনুষ্ঠানে মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্য নিয়ে এই ধরনের মেলার আয়োজন করেন। এর ফলে বিশেষ করে মহিলা শিল্পীরা তাদের হাতে তৈরী সামগ্রী বিপণনের সুযোগ পান। তাই এই ধরনের উদ্যোগকে তাদের সার্থক করে তুলতে হবে। (পজ্)
মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, পূর্ব বর্ধমান জেলার স্বনির্ভর গোষ্ঠী সমূহের হস্তশিল্প বিপণনের জন্য এই সৃষ্টিশী মেলা অনুষ্ঠিত হচ্ছে। মূলত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতেই আনন্দধারা জেলা গ্রামোন্নয়ন শাখার আয়োজনে এই মেলা পাঁচ দিন ধরে চলবে। তিনি জানান, এই জেলায় ৭০ হাজারের বেশি স্বনির্ভর গোষ্ঠী রয়েছে। প্রতিটি গোষ্ঠীতে যদি দশজন করে সদস্য থাকেন তাহলে ৭ লক্ষ মানুষের হাতে তৈরী শিল্প সামগ্রী এই ধরনের মেলায় বিক্রির সুযোগ রয়েছে। তাই এই উদ্যোগকে সফল করার জন্য গোষ্ঠীর মহিলাদেরও এগিয়ে আসতে হবে।
2
প্লাস্টিক মুক্ত বড়শুল গড়তে ম্যারাথন দৌড়ের আয়োজন
লক্ষ্য হলো এলাকাকে প্লাস্টিক মুক্ত রাখা। আর সেই লক্ষ্য নিয়েই পূর্ব বর্ধমানের বর্ধমান ২ নম্বর ব্লকের অন্তর্গত বড়শুলে অনুষ্ঠিত হলো ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। বড়শুল ম্যারাথন 2025 শীর্ষক এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা পর্বে উপস্থিত ছিলেন বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ কুমার মালিক। তিনি জানান, এ বছরই প্রথম এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হলো। প্রায় দেড়শো জন বিভিন্ন বয়সের প্রতিযোগী এখানে অংশ নেন। পূর্ব বর্ধমান জেলা ছাড়াও অন্যান্য জেলা থেকেও এই ম্যারাথন দৌড়ে অংশ নেওয়ার জন্য ছেলেমেয়েরা উপস্থিত হয়েছিলেন। এই ম্যারাথন দৌড়ে একজন প্রতিবন্ধীও অংশগ্রহণ করেছেন বলে জানা যায়। এই উদ্যোগকে সফল করার লক্ষ্যে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় শক্তিগড় থানা। এই ম্যারাথন শুরু হয় বড়শুল মোড় থেকে, শেষ হয় বড়শুল স্কুল মাঠে। মোট ৮ কিলোমিটারের এই ম্যারাথন দৌড়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের হাতে একটি করে ট্রফি, মেডেল এবং ৫০০০ টাকা করে তুলে দেওয়া হয়। এরা সহ ২০ জনকে নানান ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়। নিশীথ মালিক বলেন, মূলত প্লাস্টিক মুক্ত বড়শুল গঠন করার পাশাপাশি দুর্ঘটনা মুক্ত এলাকা গড়তেও এখান থেকে আহ্বান জানানো হয় সেফ ড্রাইভ সেভ লাইফ এই বার্তাটিও। এই ধরনের সচেতনতার বার্তাকে সামনে রেখেই এই দৌড় প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।
3
রক্তের সংকট নিরসনে রক্তদান শিবিরের আয়োজন
গরম শুরুর আগে থেকেই বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্লাড ব্যাংকে রক্তের সংকট দেখা দেয়। এর ফলে সবচেয়ে বেশি সমস্যায় পড়েন বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রে ভর্তি থাকা মুমূর্ষু রোগী ও তার পরিবারের সদস্যরা। আর এই মানুষদের কথা চিন্তা করেই লায়ন্স ক্লাব অফ বর্ধমান-এর উদ্যোগে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। বর্ধমানের গুডশেড রোডে লায়ন্স ক্লাবের নিজস্ব ভবনে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। এই শিবিরে মোট ৬০ জন রক্তদাতা রক্ত দান করেন। এদের মধ্যে ৮ জন হলেন মহিলা। এ প্রসঙ্গে লায়ন্স ক্লাব অফ বর্ধমান-এর পক্ষে প্রসেনজিৎ দত্ত জানান, মূলত আমাদের চারিপাশে সরকারি ও বেসরকারি হাসপাতাল গুলিতে ভর্তি থাকা মুমূর্ষু রোগীদের কথা চিন্তা করেই এই রক্তদান শিবিরের আয়োজন। আমরা চাই, রক্তের সংকটের কারণে যেন একজন রোগীও সমস্যায় না পড়েন। এদিনের রক্তদান শিবিরে বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছেন বলে আয়োজকদের তরফ থেকে জানানো হয়।
4
এসএফআই-এর উদ্যোগে বর্তমানে সোশ্যাল মিডিয়ার গুরুত্ব ও প্রাসঙ্গিকতা সম্বন্ধে কর্মশালা
বর্তমান সময়ে ভারতের যেকোনো রাজনৈতিক দলের কাছেই সোশ্যাল মিডিয়া একটা অন্যতম হাতিয়ার। রাজনৈতিক দলগুলির বিভিন্ন গণসংগঠনের কাছেও এই সোশ্যাল মিডিয়ার গুরুত্ব এখন অপরিসীম। আর এই বিষয়টিকে সামনে রেখেই অনুষ্ঠিত হলো একটি কর্মশালা। হাতে লেখা পোস্টার ও দেওয়াল লিখন, ডিজিটাল পোস্টার ও ফ্লেক্স ডিজাইন, ফটো ও ভিডিওগ্রাফি, ভিডিও ও রিল এডিটিং এবং সোশ্যাল মিডিয়ার বিষয়ে এসএফআই পূর্ব বর্ধমান জেলার “বিকল্প মাধ্যমে লড়াইয়ের ওয়ার্কশপ” অনুষ্ঠিত হলো।
এই কর্মশালায় উপস্থিত ছাত্র-ছাত্রীদের প্রশিক্ষণ দিলেন এসএফআই পূর্ব বর্ধমান জেলার নেতৃত্ব সৌরভ দাস, রানা দাস, কৌশিক সরকার এবং এই জেলার প্রাক্তন ছাত্র নেতৃত্ব আশিক আলম। এছাড়াও এই সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এসএফআই পূর্ব বর্ধমান জেলার সম্পাদক উষসী রায় চৌধুরী এবং সভাপতি প্রবীর ভৌমিক। তারা বলেন,ছাত্রছাত্রীদের অভ্যন্তরে বর্তমানে সোশ্যাল মিডিয়ার গুরুত্ব ক্রমশা বৃদ্ধি পেয়েছে। তাই তার প্রযুক্তি ও প্রাসঙ্গিকতা সম্বন্ধে চেতনা বাড়াতে এই কর্মশালা অনুষ্ঠিত হলো। ছাত্রছাত্রীদের দেওয়াল, পোস্টার লিখনের প্রতি আগ্রহ এবং ডিজিটাল পোস্টার ও ভিডিও মেকিং-এর মাধ্যমে বর্তমান যুগের সঙ্গে সমসাময়িক ভাবে এগিয়ে চলা এবং এই ধরনের নতুনত্ব প্রযুক্তির মাধ্যমে সাধারণ ছাত্রছাত্রীর মধ্যে বিস্তৃতি বাড়ানোর পদ্ধতিগত আলোচনাও এখানে করা হয়। ওয়ার্কশপের শেষে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তথা এসএফআই কর্মী ঋতমা দে ও অঙ্কুর বিশ্বাসের তৈরী তথ্যচিত্র “খবর ওয়ালা”র স্ক্রিনিং করা হয়। সব মিলিয়ে এই কর্মশালাটি উপস্থিত প্রশিক্ষার্থীদের কাছে অত্যন্ত প্রাঞ্জল হয়ে ওঠে। ভবিষ্যতে এই ধরনের উদ্যোগ আবারও এই সংগঠনের পক্ষ থেকে এখানে নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা নেতৃত্ববৃন্দ।


