কঙ্কালেশ্বরী কালী মন্দির প্রাঙ্গণে জলাশয়ের সামনে সন্ধ্যারতির সূচনা

কঙ্কালেশ্বরী কালী মন্দির প্রাঙ্গণে জলাশয়ের সামনে সন্ধ্যারতির সূচনা

বর্ধমান শহরের ঐতিহ্যমন্ডিত মন্দিরগুলির মধ্যে কঙ্কালেশ্বরী কালীমন্দির অন্যতম। এই মন্দিরের জলাশয়ের সামনে এবার শুরু হল সন্ধ্যারতি পর্ব। এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েশা রাণী এ, কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার, বিশিষ্ট ব্যবসায়ী সনৎ নন্দী প্রমুখ। এই কর্মসূচীর মূল উদ্যোক্তা হলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। তিনি বলেন, কাঞ্চননগরের কঙ্কালেশ্বরী কালীবাড়ি এই শহর তথা জেলার ঐতিহাসিক দ্রষ্টব্য স্থানগুলির মধ্যে অন্যতম। প্রতিদিন এখানে বহু দর্শনার্থী মন্দির ও কালীমাকে দর্শন করতে আসেন। এছাড়া স্থানীয় মানুষদের কাছেও এই মন্দির একটি পবিত্র স্থান। এখানকার মানুষদের জলাশয়ের ধারে সন্ধ্যারতি দেখার জন্য সুদূর বেনারস কিংবা হরিদ্বারে ছুটে যেতে হয়। কিন্তু সেটা সকলের পক্ষে সম্ভব হয় না। তাই স্থানীয় মানুষদের কথা চিন্তা করে আমরা কঙ্কালেশ্বরীর পার্শ্ববর্তী জলাশয়ের ধারে সন্ধ্যারতির ব্যবস্থা করলাম। সারা বছর এই আরতি পর্ব চলবে। ভক্তরা এখানে এসে নিয়মিত আরতি দেখতে পাবেন।