প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় এনডিআরএফ প্রতিনিধিদের নিয়ে প্রশিক্ষণ কর্মসূচী
আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন রকম প্রাকৃতিক বিপর্যয় সহ নানান বিপর্যয় ঘটে থাকে। এর ফলে খুবই সমস্যায় পড়তে হয় বিশেষ করে প্রত্যন্ত গ্রামাঞ্চলে থাকা মানুষজনদের। তাই সেই ধরনের পরিস্থিতিতে কি করণীয় তা জানার জন্যই ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স-এর একটি ক্যাম্পের আয়োজন করা হয় কালনা ১ নম্বর ব্লকের অন্তর্গত সুলতানপুর অঞ্চলে। এই ক্যাম্প অনুষ্ঠিত হওয়ায় এখানকার মানুষরা খুবই উপকৃত হলেন বলে উল্লেখ করেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। তিনি বলেন, আমাদের দেশে বন্যা, ভূমিকম্প সহ বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে সাধারণ মানুষকে বাঁচানোর জন্য ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সেক্ষেত্রে সাধারণ মানুষরা তাদের উপরেই নির্ভরশীল হয়ে থাকেন। বিভিন্ন সময় কেন্দ্র ও রাজ্য সরকারগুলি এই এনডিআরএফ-এর সদস্যদের সহযোগিতা চান। তাদের আন্তরিক প্রচেষ্টা বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলায় সহযোগী ভূমিকা পালন করে থাকে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যবস্থা। স্বপনবাবু বলেন, এই ধরনের উদ্যোগ সম্পর্কে সাধারণ মানুষ সেইভাবে অবহিত নন। তাই তারা বিভিন্ন এলাকায় ক্যাম্প করে যদি নানান বিপর্যয়ের হাত থেকে সাধারণ মানুষ বাঁচার জন্য কি করবেন সে বিষয়ে তাদের অবহিত করেন, তাহলে খুবই উপকার হবে। সাধারণ মানুষরা বুঝতে পারবেন একজন মানুষ হঠাৎ করে অসুস্থ হলে তাকে কি করা প্রয়োজন। আবার প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে পড়লেও তারা কি করবেন সে বিষয়ে তারা অবহিত হতে পারেন। স্বপনবাবু এই ফোর্সের প্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, তারা যদি বিভিন্ন এলাকায় একটি করে সেন্টার করেন তাহলে খুবই ভালো হয়। সাধারণ মানুষ তাদের কাছে খুব সহজে পৌঁছাতে পারেন। তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি ব্লকে ব্লকে প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার জন্য নির্দিষ্ট দপ্তরের মাধ্যমে সমস্যা সমাধানের ব্যবস্থা করেছেন। এক্ষেত্রে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স যদি একইভাবে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাহলে প্রত্যন্ত গ্রামাঞ্চল পর্যন্ত বিপর্যয় মোকাবিলা করার কাজটা অনেক সহজসাধ্য হয়। এ ব্যাপারে তিনি এই ফোর্সকে সবরকম সহযোগিতা করবেন বলেও উল্লেখ করেন।


