পুরুলিয়ার টামনা থানার সিদপুর গ্রামে শনিবার সকালে মোষ চরাতে গিয়ে নিজের মোষের গুঁতোয় মৃত্যু হল ৩১ বছরের স্বপন কুমার মাহাতোর। ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো এদিনও তিনি নিজের কাড়া চড়াতে মাঠে গিয়েছিলেন। সেই সময় আচমকা একটি মোষ তাঁর ওপর চড়াও হয়ে সজোরে গুঁতো মারে।
শিংয়ের আঘাতে রক্তাক্ত অবস্থায় মাঠে লুটিয়ে পড়েন স্বপনবাবু। গ্রামবাসীরা তাঁকে উদ্ধার করে চাকোলতোড় গ্রাম স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে টামনা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করছে।


