২৬ নম্বর ওয়ার্ডে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচীতে উপস্থিত মন্ত্রী মনোজ তিওয়ারি | আমাদের গ্রাম সবুজ গ্রাম প্রকল্প | ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতি সভা


1
২৬ নম্বর ওয়ার্ডে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচীতে উপস্থিত মন্ত্রী মনোজ তিওয়ারি

আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচীতে বর্ধমান শহরের ২৬ নম্বর ওয়ার্ডে উপস্থিত থাকতে পেরে আমার খুবই ভালো লাগছে। কারণ এই ধরনের একটি জনমুখী প্রকল্পের বাস্তবায়নে উপস্থিত থাকতে পারাটা আমার কাছে অত্যন্ত গর্বের বলে উল্লেখ করলেন রাজ্যের মন্ত্রী মনোজ তিওয়ারি। মন্ত্রী বলেন, এই ধরনের প্রকল্পের মধ্যে দিয়ে প্রতিটি এলাকার মানুষ তাদের এলাকার উন্নয়নে নিজেরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারছেন। তাদের চাহিদা ও ইচ্ছার কথা তারা প্রশাসনের কাছে তুলে ধরতে পারছেন।
মন্ত্রী বলেন, আমি যখন ক্রিকেট খেলায় সাফল্য পেয়েছি তখন বহু মানুষের কাছ থেকে ভালোবাসা পেয়েছি। তবে আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সংস্পর্শে এসে যখন মানুষের জন্য কাজ করার সুযোগ পেলাম, তখন আরও অনেক বেশি মানুষের ভালোবাসা পেলাম। আজ এখানে এসে আপনাদের যে ভালোবাসা ও শুভেচ্ছা আমি পেলাম সেটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি।
আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচীতে মুখ্যমন্ত্রী মহিলাদের অংশগ্রহণের ও সুযোগ দিয়েছেন। আমার খুব ভালো লাগছে এখানে এসে, যে অনেক মহিলা এই কর্মসূচীর অংশীদার হচ্ছেন। এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের। এদিনের এই কর্মসূচীর প্রারম্ভিক পর্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস, বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কাঞ্চন কাজী, ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নাজমুন আরা বেগম, বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় সিংহ রায়, বর্ধমান পৌরসভার সচিব জয়রঞ্জন সেন প্রমুখ।

2
আমাদের গ্রাম সবুজ গ্রাম প্রকল্প

২৪ আগস্ট আউশগ্রামের বড়া গ্রামের গ্রামবাসী এবং ছাত্রছাত্রীদের উদ্যোগে গাছ গ্রুপের পঞ্চম সবুজ গ্রাম প্রকল্প শুরু করা হলো। ১২৫০ টা ফলের মূল্যবান চারা যেমন আম, কাঁঠাল, নারিকেল, লেবু, আতা, সবেদা, পেয়ারা, এবং জারুল, অমলতাস, বকুল চারা বাড়ি বাড়ি রোপণ করা হয়। এ ব্যাপারে প্রধান সহযোগী হিসেবে গ্রামবাসী উজ্জ্বল মুখার্জী এক বিঘা জমির উপর তৈরী করলেন ফলের একটা খণ্ডবন। অনুষ্ঠানটির উদ্বোধন করেন বর্ধমানের বিভাগীয় বনাধিকারিক সঞ্চিতা শর্মা এবং জেলা প্রশাসনের আধিকারিক কৃষ্ণেন্দু মণ্ডল। এছাড়াও গাছ গ্রুপের সদস্যরা সহ উপস্থিত ছিলেন গাছ মাস্টার তথা জাতীয় শিক্ষক অরূপ চৌধুরী, সুকল্যাণ বোস, অধ্যাপক ইনামুর হক, অধ্যাপিকা তন্দ্রা পাল।
এই কর্মসূচী প্রসঙ্গে জানাতে গিয়ে অরূপ চৌধুরী বলেন, গাছ গ্রুপের অনেক মৌলিক সবুজায়ন কর্ম এবং খণ্ডবনের পর ‘ আমাদের গ্রাম, সবুজ গ্রাম’ এক যুগান্তকারী প্রকল্প। এতে বাড়ি বাড়ি দুটো থেকে পাঁচটি করে চারা রোপণ করা হয়।
এই প্রকল্পের মাধ্যমে বর্ধমানের জেলাশাসকের অপারেশন গ্রীণ এবং মায়ের নামে একটি গাছ কর্মসূচীও সাধিত হচ্ছে বলে জানান সবুজ কর্মী সুকল্যাণ বোস ও আবজেল মণ্ডল। এই ধরনের কর্মসূচী এরপর অন্যান্য গ্রামেও গ্রহণ করা হবে বলে জানা গেছে।

3
ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতি সভা

আগামী ২৮ আগস্ট রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালিত হবে কলকাতায়। সেই উপলক্ষ্যে পূর্ব বর্ধমান জেলার খন্ডঘোষ ব্লকে অবস্থিত উখরিদের রাসবিহারী ঘোষ কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো। সগড়াইয়ে ব্লক তৃণমূল কার্যালয়ে আয়োজিত এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি স্বরাজ ঘোষ, পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ তথা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব ইসলাম, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায়, ব্লকের যুব নেতৃত্ব শুভেন্দু পাল প্রমুখ। এদিনের সভায় আগামী ২৮ আগস্ট কলকাতায় আয়োজিত রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশে যাতে অধিক সংখ্যক ছাত্রছাত্রী সেখানে উপস্থিত হন তারজন্য আহ্বান জানানো হয়। অপার্থিব ইসলাম বলেন, এই ব্লক থেকে যাতে অধিক সংখ্যক ছাত্র-ছাত্রী সেদিন কলকাতায় যান তারজন্য উপস্থিত সকলকে বলা হয়েছে। আমরা আশাবাদী সেদিন ব্লক থেকে বিপুল সংখ্যক ছাত্রছাত্রী কলকাতায় উপস্থিত হবেন। একই আশা বাক্ত করেন জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ। তিনি এদিনের সভায় উপস্থিত ছাত্র-ছাত্রীদের এ ব্যাপারে এখন থেকেই প্রচারকার্য চালানোর আহ্বান জানান।