স্বাস্থ্য সাথী প্রকল্প কলকাতা অফিসে মাসোহারা দিতে হত লক্ষ লক্ষ টাকা, গুরুতর অভিযোগ সংবাদমাধ্যমে
রাজ্যে চলা স্বাস্থ্যসাথী প্রকল্পে কলকাতা অফিসে মাসোহারা হিসেবে দিতে হত লক্ষ লক্ষ টাকা। আর সেই টাকা নিতে আসতো কলকাতা অফিসের স্বাস্থ্যসাথী প্রকল্পের কর্মীরা। যদি সেই টাকা না দেওয়া হত, তাহলে জরিমানা বাবদ স্বাস্থ্যসাথী প্রকল্প থেকে কেটে নেওয়া হত কোটি কোটি টাকা। অল বেঙ্গল প্রাইভেট নার্সিংহোম এন্ড হসপিটাল ওনার্স অ্যাসোসিয়েশনের নতুন অফিস উদ্বোধনী অনুষ্ঠানে এসে
এমনই অভিযোগ শোনা গেল। বুধবার সন্ধ্যায় বর্ধমানের একটি বেসরকারি নার্সিংহোমের কর্ণধার তথা বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল দেবব্রত ব্যানার্জী এই অভিযোগ করেন।
সম্প্রতি রাজ্যে পালাবদল হয়েছে। তৃণমূল কংগ্রেসের সরকারকে ধুলিসাৎ করে রাজ্যে শাসন ক্ষমতায় আসে বিজেপি সরকার। আর বিজেপি সরকার আসার পরেই তৃণমূলের দুর্নীতির বিষয়ে একে একে মুখ খুলতে শুরু করলেন বর্ধমান শহরের নাসিংহোম কর্তৃপক্ষরা। বর্ধমান রেনেসাঁ টাউনশিপের ২১ বি গ্ৰান্ড রোডে অল বেঙ্গল প্রাইভেট নার্সিংহোম এন্ড হসপিটাল ওনার্স অ্যাসোসিয়েশনের অফিস। এদিনের নতুন অফিস উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি অভিজিৎ তা, বিজেপির জেলা মুখপাত্র ডাক্তার এস আর ব্যানার্জী, অ্যাসোসিয়েশনের জেলা সম্পাদক এম ডি আব্বাসউদ্দিন, মহম্মদ তাজ সহ অন্যান্যরা। এদিনের অফিস উদ্বোধনী অনুষ্ঠানে এসে বিজেপির জেলা সভাপতি অভিজিৎ তা বলেন, যারা তোলাবাজি করে ব্ল্যাকমেইল করেছে ,তাদের নামে থানায় অভিযোগ করুন। তাদেরকে আমরা জেলের ভাত খাইয়ে ছাড়বো। কাউকেই ছাড়া হবে না বলে জানান তিনি। অভিজিৎ বলেন, এক্ষেত্রে আইন আইনের পথে চলবে। অপরাধ করলে সাজা পেতে হবে।


