সবুজ সংঘের রক্তদান শিবিরের সূচনা করলেন বিধায়ক
বর্ধমান শহরের বিভিন্ন ক্লাবগুলির মধ্যে অন্যতম হলো সবুজ সংঘ। দুর্গোৎসবের বিশেষ আয়োজনের জন্য সবুজ সংঘের সুখ্যাতি ইতিমধ্যেই বর্ধমান শহর ছাড়িয়ে সারা বাংলা জুড়ে বিস্তৃত। তবে শুধু দুর্গোৎসব নয়, এর পাশাপাশি সামাজিক নানান কাজও করে থাকেন সবুজ সংঘের সদস্যরা। তার মধ্যে উল্লেখযোগ্য হলো রক্তদান শিবির। ৮ মে থ্যালাসেমিয়া দিবস উপলক্ষ্যে সবুজ সংঘের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে যার সূচনা করলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক মৌমিতা বিশ্বাস মিশ্র। তিনি বলেন, গরমের সময় রক্তের সংকট দেখা যায়। তাই সবুজ সংঘ এই সমস্যার কথা চিন্তা করে যে রক্তদান শিবিরের আয়োজন করেছে তা অত্যন্ত প্রাসঙ্গিক। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। এদিনের এই শিবিরের বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন বর্ধমান সুভাষপল্লী সারদা আশ্রমের মহারাজ স্বামীর দুর্গেশানন্দজী। ছিলেন ক্লাবের অন্যান্য সদস্যরাও। পুরুষদের পাশাপাশি এদিনের এই রক্তদান শিবিরে মহিলারাও অনেকেই রক্তদান করেন।


