শহীদ ছাত্রনেতাকে স্মরণে রেখে এসএফআই-এর উদ্যোগে রক্তদান শিবির II ২৯ নম্বর ওয়ার্ডে ভুয়ো ভোটার সনাক্তকরণে বাড়ি বাড়ি পর্যবেক্ষণে কাউন্সিলর II বর্ধমানে পিছিয়ে পড়া পরিবারের শিশুদের নিয়ে পালন করা হলো বসন্ত উৎসব

1
শহীদ ছাত্রনেতাকে স্মরণে রেখে এসএফআই-এর উদ্যোগে রক্তদান শিবির

আজ থেকে প্রায় ৪০ বছর আগে ১৯৮৫ সালের ১৬ মার্চ কালনা কলেজে এসএফআই- এর ছাত্রনেতা সুশোভন মুখার্জী শহীদ হন। তারপর থেকে এই দিনটি শহীদ দিবস হিসেবে পালন করে আসছে এসএফআই। এ বছর কালনা কলেজে ভারতের ছাত্র ফেডারেশন পূর্ব বর্ধমান জেলা কমিটির উদ্যোগে সুশোভন মুখার্জীকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। এই উপলক্ষ্যে কালনা নতুন বাসস্ট্যান্ডে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। কালনা কলেজে শহীদ ছাত্রনেতাকে শ্রদ্ধা জানানোর পর কলেজ গেট থেকে নতুন বাসস্ট্যান্ড পর্যন্ত একটি মিছিল অনুষ্ঠিত হয়। এই মিছিল থেকে ক্যাম্পাসে গণতন্ত্র, নিরাপত্তা ও ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে মিছিল করা হয়। এদিনের এই মিছিলে বহু ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। আয়োজক ছাত্র সংগঠনের পক্ষ থেকে বলা হয়, এদিন রক্তদান শিবিরের আয়োজনের মূল উদ্দেশ্য হলো হাসপাতালে রক্তের সংকট নিরসনে সহযোগিতা করা। সেই লক্ষ্য নিয়েই এসএফআই – এর সদস্য-সমর্থকরা এই কর্মসূচীতে উপস্থিত থেকে রক্তদান করেন।

2
২৯ নম্বর ওয়ার্ডে ভুয়ো ভোটার সনাক্তকরণে বাড়ি বাড়ি পর্যবেক্ষণে কাউন্সিলর

ওয়ার্ডে ভুয়ো ভোটার সনাক্তকরণের কাজ শুরু হল। বর্ধমান শহরে ২৯ নম্বর ওয়ার্ডে এই ভুয়ো ভোটার সনাক্তকরণের কাজ শুরু করলেন এই ওয়ার্ডের কাউন্সিলর তথা বর্ধমান পৌরসভার এমসিআইসি সুশান্ত প্রামাণিক। ১৬ মার্চ এই ওয়ার্ডের ১১৪ নম্বর পার্টে বেশকিছু বাড়িতে যান সুশান্তবাবু। সঙ্গে ছিলেন ১১৪ নম্বর পার্টের বুথ এজেন্টরা। এদিন তারা বিভিন্ন পরিবারের সদস্যদের সঙ্গে ভোটার লিস্ট সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলেন। এক্ষেত্রে পরিবারের প্রত্যেকের নাম ভোটার লিস্টে রয়েছে কিনা সেই বিষয়গুলি সরেজমিনে দেখেন। সুশান্ত প্রামাণিক বলেন, এখনও পর্যন্ত ভুয়ো ভোটার পাওয়া না গেলেও এ ব্যাপারে প্রতিটি পরিবারের সদস্যদের সচেতন থাকতে বলা হয়েছে। তিনি জানান, যে সমস্ত পরিবারে মেয়েদের বিবাহ হয়ে গেছে এবং তারা অন্যত্র চলে গেছেন ও সেখানকার ভোটার হয়েছেন, তাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার বিষয়ে আমরা যা যা করণীয় তা করার কথা বলেছি। যে সমস্ত পরিবারে প্রবীণ ব্যক্তিরা মারা গেছেন, তাদের নামও ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার ব্যাপারে বলা হয়েছে। এছাড়া এলাকায় বেশকিছু মানুষ ভাড়াটিয়া হিসেবে রয়েছেন। তারা এখানকার ভোটার কিনা বা অন্য কোথাও তাদের ভোটার লিস্টে নাম আছে কিনা সেই দিকগুলিও খতিয়ে দেখা হচ্ছে। সুশান্তবাবু জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতোই আমরা এ ব্যাপারে যা যা করণীয় তা নিয়ম মেনে করছি।

3
বর্ধমানে পিছিয়ে পড়া পরিবারের শিশুদের নিয়ে পালন করা হলো বসন্ত উৎসব

পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরে সমাজকল্যাণমূলক কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবী সংস্থা আমার পাঠশালার উদ্যোগে স্থানীয় নবাবহাট সংলগ্ন গোদা তালপুকুরে পালিত হলো বসন্ত উৎসব। অনুষ্ঠানে ৫০ জন সুবিধাবঞ্চিত, পিছিয়ে পড়া পরিবারের শিশুদের মধ্যে আবীর খেলার মাধ্যমে বসন্ত উৎসব পালিত হয়। একই সঙ্গে আমার পাঠশালার বিশেষ কর্মসূচী পুষ্টির দিশা-র মাধ্যমে ৫০ জন সুবিধা বঞ্চিত ও পিছিয়ে পড়া পরিবারের শিশুদের মধ্যে বিতরণ করা হয় মুসাম্বি, পেয়ারা, কলা, খেজুর, আঙুর, লাড্ডু ও কেক সহ পুষ্টিকর খাদ্য সামগ্রী l পাঠশালার শিশুরা খুব আনন্দের সঙ্গে অনুষ্ঠানটি উপভোগ করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষারত্ন পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট শিক্ষক পলাশ চৌধুরী, সাংবাদিক ও বাচিক শিল্পী শ্যামাপ্রসাদ চৌধুরী, বিশিষ্ট কবি শেখ জাহাঙ্গীর, সাগর হুই, পার্থজিৎ কুন্ডু, সুবোধ মালিক, অতনু ঘোষ, স্বপন ঘোষ এবং আমার পাঠশালার সম্পাদক সন্দীপ পাঠক। সন্দীপ পাঠক বলেন, দোলের দিনে যাতে এই পিছিয়ে পড়া পরিবারের শিশুরাও একটু আনন্দে, খুশিতে কাটাতে পারে তারজন্যই তারা এই ধরনের একটি উদ্যোগ গ্রহণ করেছিলেন। এই শিশুরা অত্যন্ত আনন্দের মধ্যে দিনটি কাটিয়েছে।