শহর বর্ধমানের ভাতছালায় ১৮ নম্বর ওয়ার্ডে ভুঁড়িভোজের আয়োজন, কেন্দ্রীয় বাহিনী হুইপ জারি করে বন্ধ করলো রান্না
একপ্রকার মহাভোজের আয়োজন। হালুইকর এনে বিরাট খাবারের আয়োজন করা হয়েছিল। যেন কোনো অনুষ্ঠান বাড়ির রান্না। সকাল থেকেই তৈরী হচ্ছে গরম গরম লুচি, সঙ্গে আলুর দম। এর সঙ্গে মিষ্টি দিয়ে তৈরী করা হচ্ছিল খাবারের প্যাকেট। কিন্তু শেষ রক্ষা হলো না। কেন্দ্রীয় বাহিনীর জাওয়ানরা আসতেই রীতিমতো হুইপ জারি করে বন্ধ করে দিল রান্নাবান্না। বেগতিক দেখে চম্পট দিল বাড়ির মালিক। সব গুটিয়ে, উনুন থেকে গরম তেল নামিয়ে, রান্না বন্ধ করে কোনোক্রমে এলাকা ছাড়লো রান্নার কাজে যুক্ত কর্মীরা। জানা গেছে, এই খাবারের প্যাকেট বিলি করা হচ্ছিল ভোটারদের মধ্যে। ভোটারদের প্রভাবিত করার খবর কেন্দ্রীয় বাহিনীর কানে আসতেই দ্রুততার সঙ্গে পদক্ষেপ নিল তারা। ঘটনাটি ঘটে বর্ধমান দক্ষিণ বিধানসভার ১৮ নম্বর ওয়ার্ডে ভাতছালা এলাকায়।
অন্যদিকে, এই লুচি এক ব্যক্তি বিলি করছিল বাইকে করে। কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নজরে আসতেই তাকে আটকায়। এরপরই ওই ব্যক্তি স্কুটি ফেলে পালিয়ে যায়। পরে খাবার তৈরীর জায়গায় এসে পৌঁছোয় কেন্দ্রীয় বাহিনী।


