মেমারিতে শ্বশুরবাড়িতে এসে দামোদরে স্নান করতে নেমে তলিয়ে গেল যুবক


মেমারিতে শ্বশুরবাড়িতে এসে দামোদরে স্নান করতে নেমে তলিয়ে গেল যুবক

মাত্র কয়েকদিন আগেই একই নদীতে স্নান করতে নেমে এক যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল। সেই ঘটনার এক মাসও পেরোয়নি, তার আগেই ফের একই ধরনের ঘটনায় আতঙ্ক ছড়াল এলাকায়।
জানা গেছে, নদীয়া জেলার বাসিন্দা ৩১ বছর বয়সী আব্দুল হামিদ মেমারি থানার শোভনা গ্রামে শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছিলেন। রবিবার বিকেলে এক বন্ধুকে নিয়ে তিনি দামোদর নদীর পাল্লা সাড়ে ৫ নম্বর ঘাট এলাকায় ঘুরতে যান। এরপর দু’জনে নদীতে স্নান করতে নামেন। জানা যায়, নদীর মাঝ বরাবর থাকা গভীর চোরাবালি ও হঠাৎ গভীর গর্তের কারণে আচমকাই বিপদের মুখে পড়েন তারা। দু’জনেই তলিয়ে যেতে শুরু করেন। কোনোরকমে একজন প্রাণে বাঁচতে পারলেও আব্দুল হামিদ নদীর জলে তলিয়ে যায়। এরপরই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
ঘটনার খবর পেয়ে পরিবারের সদস্যরা এবং মেমারি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। রাতেই আলো জ্বালিয়ে তল্লাশি শুরু করা হলেও শেষ খবর পাওয়া পর্যন্ত ওই যুবকের কোনো খোঁজ মেলেনি।
এলাকাবাসীর দাবি, প্রশাসনের নজরদারির অভাব এবং অবৈধ বালি তোলার রমরমার ফলেই বারবার প্রাণহানির ঘটনা ঘটছে দামোদরে। একের পর এক দুর্ঘটনার পরও কেন অবৈধ বালি তোলার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে না, তা নিয়েই উঠছে বড় প্রশ্ন। সাধারণ মানুষ এই ঘটনায় আতঙ্কিত হয়ে রয়েছেন।