ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন
বর্ধমান সাংগঠনিক জেলা বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সভার আয়োজন করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন বিধায়ক অগ্নিমিত্রা পল, বর্ধমান সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি অভিজিৎ তা সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। এই সাংবাদিক সভায় অগ্নিমিত্রা পল বলেন, আমরা বিজেপির পক্ষ থেকে এখানে তিনটি বিধানসভা কেন্দ্রের সম্পর্কে চার্জশিট এনেছি। এই বিধানসভা কেন্দ্রগুলি হলো দুর্গাপুর পূর্ব, ভাতার এবং বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্র। এই কেন্দ্রগুলিতে তৃণমূলের বিধায়ক রয়েছেন, সাংসদ রয়েছেন তৃণমূল কংগ্রেসের। কিন্তু তারা তাদের মেয়াদকালে এই এলাকাগুলোর যথাযথ উন্নয়ন করতে পারেননি। এর মধ্যে অন্যতম হলো বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্র। অগ্নিমিত্রা বলেন, এই বিধানসভা এলাকায় কিছুদিন আগে টাউন হল সংস্কার করা হয়েছে। কিন্তু এই সংস্কার খাতে কেন্দ্রীয় সরকার প্রদত্ত অর্থ নয়ছয় করা হয়েছে। তিনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্যের বিরুদ্ধেও অভিযোগ তোলেন। অগ্নিমিত্রা বলেন, তৃণমূল মানেই দুর্নীতি, টাকা পয়সা নয়ছয়, টাকা চুরি। এই রাজ্যে তৃণমূল শিক্ষা ব্যবস্থার কোমর ভেঙে দিয়েছে। এর ফলে যুবক যুবতীরা হতাশ হয়ে পড়েছেন। এখন তারা আর এমএ, এমএসসি, পিএইচডি না করে যুব সাথী প্রকল্পের অর্থ পাওয়ার জন্য সেখানে লাইন দিচ্ছেন। লক্ষীর ভান্ডারের জন্য আবেদন করছেন। অথচ নিজেরা লেখাপড়া করে চাকরি করার যে মানসিকতা সেটা তারা হারিয়ে ফেলেছেন। এইভাবে রাজ্যের ভবিষ্যৎ প্রজন্মকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে এই সরকার।


