1
ব্রহ্ম কুমারিজ বর্ধমান -এর ২৫ বছর পূর্তিতে অনুষ্ঠান
বর্ধমানের ব্রক্ষ্ম কুমারিজ প্রতিষ্ঠানের ২৫ বছরে পূর্তিতে স্থানীয় বর্ধমান মডেল স্কুল প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারম্যান উজ্জ্বল প্রামাণিক, বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার সহ বিশিষ্টজনেরা। এই অনুষ্ঠানে উজ্জ্বল প্রামাণিক বলেন, এখানে উপস্থিত থাকতে পেরে খুব ভালো লাগছে। এদিন প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে এই পূর্তি অনুষ্ঠানের সূচনা হয়। উপস্থিত ছিলেন ডিরেক্টর অফ বিকে ইউরোপিয়ান সেন্টারস, বিকে সিস্টার জয়ন্তী। ছিলেন বর্ধমানের সেন্টার ইনচার্জ বিকে রুমা প্রমুখ। উজ্জ্বল প্রামাণিক বলেন, আমাদের দৈনন্দিন জীবনে আমরা যখন সুস্থ স্বাভাবিকভাবে দিনগুলি অতিবাহিত করি তখন নানান কাজের মধ্যে দিয়ে দিন, মাস, বছর অতিক্রম করে যায়। কিন্তু যখন আমরা মানসিক অস্থিরতার মধ্যে থাকি, জীবনে কোনো কার্যক্রমে হতাশ হয়ে পড়ি, নানান দ্বিধাদ্বন্দ্ব যখন মনের মধ্যে কাজ করে, তখন হৃদয়ে আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটানোটা খুবই জরুরি হয়ে পড়ে। তবে ব্যক্তি বিশেষের ক্ষেত্রে এই ধরনের চেতনার মধ্যে নিজেকে যুক্ত করাটা অনিশ্চিত কিংবা অনিয়ন্ত্রিত থাকে। তাই ব্রহ্ম কুমারিজ-এর মতো প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হলে সেই কাজটা অনেক সহজসাধ্য হয়। আর এই আধ্যাত্মিক চেতনাকে মনের ভিতর থেকে উপলব্ধি করার মধ্যে দিয়েই যাবতীয় হতাশা, গ্লানি, দ্বন্দ্ব এই সবই মন থেকে দূর করা যায়। আর সেই কাজটাই ব্রহ্ম কুমারিজ, বর্ধমান সেন্টার দীর্ঘ ২৫ বছর ধরে করে চলেছে। যা আজকের দিনে একটা বড় সাফল্য বলা যায়। এইভাবে পায়ে পায়ে ২৫ বছর অতিক্রম, যে কোনো প্রতিষ্ঠানের কাছেই অত্যন্ত গর্বের,আনন্দের। আর আমরা আজকে সেই গর্ব ও আনন্দের অনুভূতিটুকু এখানে উপস্থিত হয়ে উপলব্ধি করতে পারলাম।
এই প্রতিষ্ঠানের প্রতি আমার শুভেচ্ছা ও শুভকামনা রইলো। পরেশ চন্দ্র সরকার বলেন, এই ধরনের প্রতিষ্ঠানের ২৫ বছর অতিক্রম তার আগামী দিনের পথ চলাকে আরও প্রশস্ত করবে। আমি আশাবাদী তারা এরপর ৫০ বছরের দিকে এগিয়ে যাবেন।
2
এসআইআর নিয়ে সচেতনতামূলক সভা খণ্ডঘোষে
৪ নভেম্বর থেকে এসআইআর নিয়ে সারা রাজ্যজুড়ে নির্বাচন কমিশনের উদ্যোগে শুরু হয়েছে কর্ম প্রক্রিয়া। এই কাজ চলছে পূর্ব বর্ধমান জেলাতেও। জেলার বিভিন্ন শহর ও গ্রামে এসআইআর-এর নির্দিষ্ট ফর্ম বাড়ি বাড়ি দেওয়ার কাজ ইতিমধ্যেই শুরু করেছেন বিএলওরা। এই ফর্ম যাতে নির্ভুলভাবে পূরণ করা যায় তারজন্য সাধারণ মানুষকে সবরকম সহযোগিতা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এ ব্যাপারে খন্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিটি বুথ এলাকায় সহায়তা প্রদানের ব্যবস্থা করা হয়েছে বলে জানালেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম। তিনি বলেন, এসআইআর ফর্ম ফিলাপ করার ক্ষেত্রে সাধারণ মানুষের অনেকেরই সমস্যা হচ্ছে। কারণ এই ফর্ম ফিলাপ করার যে পদ্ধতি সেই বিষয়টি সম্পর্কে অনেকেরই স্পষ্ট ধারণা নেই। ফলে ভুল-ভ্রান্তির শিকার হবার সম্ভাবনা থেকে গেছে। এক্ষেত্রে ভুল যাতে না হয় তারজন্যই তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীরা সর্বত্র সহায়তা প্রদানে উদ্যোগ নিয়েছেন। অপার্থিব বলেন, আমরা একটা কথা বলেছি, কোনো প্রকৃত ভোটারের নাম যেন ভোটার তালিকা থেকে বাদ না যায়। তাই প্রত্যেক ভোটারকে এই ফর্ম ফিলাপের কাজটা নির্ভুলভাবে করতে হবে। এরজন্য তিনি স্থানীয় প্রতিটি এলাকার মানুষকে তৃণমূলের নেতৃত্ব ও কর্মীদের সহায়তা গ্রহণের আহ্বান জানান। বিশেষ করে দলের পক্ষ থেকে নিযুক্ত বুথ লেভেল এজেন্টদের কাছ থেকে সহযোগিতা গ্রহণের কথা বলেন। ৯ নভেম্বর খণ্ডঘোষ ব্লকের কৈয়র অঞ্চলে এই উপলক্ষ্যে আয়োজিত এক সচেতনতা মূলক সভায় উপস্থিত থেকে এই কথাগুলি বলেন অপার্থিব ইসলাম। স্থানীয় অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়েছিল। অপার্থিব ইসলাম বলেন, আমরাও এখানকার মানুষের পাশে রয়েছি। প্রত্যেকটি মানুষকে আমরা সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছি। আমাদের লক্ষ্য হলো, প্রত্যেক প্রকৃত ভোটারের নাম যেন ভোটার তালিকায় আগামী দিনে অবশ্যই থাকে। এ দিনের এই সভায় উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায়, খন্ডঘোষ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অনাবিল ইসলাম ও বিদ্যুৎকান্তি মল্লিক, কৈয়র গ্রাম পঞ্চায়েতের সদস্য নীলুফা বেগম প্রমুখ।


