বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাব্লিসমেন্ট ওনার্স অ্যাসোসিয়েশনের শিলিগুড়ি সামিট II বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশনে আপাতত হকার উচ্ছেদ বন্ধ রাখলো রেলদপ্তর II প্রথম বিবাহবার্ষিকীতে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা চিকিৎসকের

1
বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাব্লিসমেন্ট ওনার্স অ্যাসোসিয়েশনের শিলিগুড়ি সামিট

১ ফেব্রুয়ারি শিলিগুড়ি সিনার্জী টাওয়ারে অনুষ্ঠিত হোলো বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাব্লিসমেন্ট ওনার্স অ্যাসোসিয়েশনের শিলিগুড়ি সামিট। সংগঠনের রাজ্য এ্যাডহক কমিটি গড়ার লক্ষ্যে পশ্চিমবঙ্গের প্রায় সবকটি স্বাস্থ্য জেলার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।পশ্চিমবঙ্গ নার্সিং ও বেসরকারি হাসপাতাল রাজ্য সংগঠনের উপদেষ্টা, শান্তিনিকেতন মেডিকেল কলেজের কর্ণধার মলয় পিট সভায় অতিথি হিসেবে উপস্থত ছিলেন।

নবগঠিত এ্যাডহক বিসিইওএ রাজ্য কমিটির সম্পাদক মৃন্ময় কান্তি গুহ জানান, বেসরকারি স্বাস্থ্য পরিষেবা সুষ্ঠুভাবে না চললে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা বিঘ্নিত হবে এবং কর্মসংস্থানের ক্ষেত্রে বেসরকারি যে সমস্ত ক্ষুদ্র থেকে বৃহৎ সংস্থা আছে তারা একটা বড়ো ভূমিকা পালন করে।

এ্যাডহক কমিটির চেয়ারম্যান ডাঃ প্রেমানন্দ সরখেল বলেন, সংগঠনের মূল উদ্দ্যেশ্য হলো সরকারি ছোটো বড়ো সব সংস্থা সমস্ত আইন মেনে পরিষেবা দিতে পারে সেটা দেখা। এই পরিষেবা ক্ষেত্রের জন্য যে সমস্ত আইন আছে তার সঠিক প্রয়োগের দিকে লক্ষ্য রাখা এবং আইনানুগ বেসরকারি প্রতিষ্ঠান থেকে স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করার জনসচেতনা গড়ে তোলা। এইসব বিষয়গুলি নিয়ে আলোচনা হয়।

2
বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশনে আপাতত হকার উচ্ছেদ বন্ধ রাখলো রেলদপ্তর

নোটিসের সময়সীমা শেষ হতেই বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশনে হকার উচ্ছেদ অভিযান রেল দপ্তরের। যদিও অভিযান শুরুর আগেই খালি হাতে ফিরে যেতে হলো রেল দপ্তরের আধিকারিকদের। মঙ্গলবার দুপুরে দফায় দফায় আলোচনা শেষে বিষ্ণুপ্রিয়া হল্ট ষ্টেশন সংলগ্ন রেলের জায়গায় থাকা ৪৩টি দোকান উচ্ছেদ বন্ধ রাখল রেলদপ্তর। সম্প্রতি বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশনে প্লাটফর্ম সংলগ্ন রেলের জায়গায় থাকা ৪৩টি দোকানে উচ্ছেদের নোটিশ জারি করে রেলদপ্তর। ৩০ জানুয়ারি সময়সীমা শেষ হওয়ার পরও রেলের তরফ থেকে মৌখিকভাবে ৪ দিন বাড়িয়ে দেওয়া হয়। মঙ্গলবার সেই সময়সীমা শেষ হতেই রেল পুলিশের বিশাল বাহিনী ও কর্মীদের বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশনে হাজির হন রেলের একাধিক আধিকারিক। অন্যদিকে উচ্ছেদের খবর পেয়ে হকারদের পাশাপাশি বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশনের ১ নং প্ল্যাটফর্মে হাজির হন স্থানীয় কাউন্সিলর বৃন্দাবন মন্ডল ও শহর তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি ভানু সাহা। দফায় দফায় আলোচনার পর হকারদের পক্ষ থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত সময় চেয়ে রেল আধিকারিকদের কাছে আবেদন জানানো হয়। ফেব্রুয়ারি মাস শেষে রেলের জায়গা ছেড়ে দেবেন বলে হকারদের পক্ষ থেকে লিখিত প্রতিশ্রুতি দেওয়া হয়। লিখিত প্রতিশ্রুতি পেয়ে সাময়িকভাবে উচ্ছেদ বন্ধ করে রেল দপ্তরের আধিকারিকেরা ফিরে যান।

3
প্রথম বিবাহবার্ষিকীতে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা চিকিৎসকের

প্রথম বিবাহবার্ষিকী উপলক্ষ্যে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবার আয়োজন করলেন দিল্লী এইমসের বিশিষ্ট চিকিৎসক বর্ধমানের ছেলে ডাঃ অর্পণ সামন্ত। এইমস এর এই চিকিৎসক ডাঃ অর্পণ সামন্ত তাঁর প্রথম বিবাহবার্ষিকী উপলক্ষ্যে একটি সম্পূর্ণ বিনামূল্যে মেডিকেল ক্যাম্প এর আয়োজন করেন। হাটুদেওয়ান পীরতলায় এই সেবাকার্য অনুষ্ঠিত হয়। যেখানে হাড় ও শিরার সকল ব্যথা, বাতের ব্যথা এবং নানাবিধ সমস্যা নিয়ে রোগীদের সঙ্গে আলোচনা করা হয়। এছাড়াও ছিল নিউরোলজিক্যাল টেস্ট করার মতো ব্যবস্থা। এই বিনামূল্যের সেবাকার্যে প্রায় শতাধিক রোগীকে পরিষেবা প্রদান করা হয়। ডাঃ অর্পণ সামন্ত এও জানান, আগামী দিনে গ্রামেতেও তিনি এই পরিষেবা খুব শীঘ্রই শুরু করবেন। এরফলে দুঃস্থ পরিবারের মানুষজন উপকৃত হবেন।