বালির লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি,ক্ষোভে ফেটে পড়লেন ট্রাক্টর মালিক সহ আবাস যোজনার উপভোক্তারা
জেলার খণ্ডঘোষ ব্লকের মেটেডাঙ্গা এলাকায় বালি খাদানে সোমবার বালির লরি আটকে বিক্ষোভ দেখান লরি ও ট্রাক্টর মালিকরা। তাদের দাবি, খণ্ডঘোষ ব্লকের বালিখাদ গুলিতে সম্পূর্ণভাবে ট্রাক্টর লোড বন্ধ রেখেছেন বালিখাদ মালিকেরা। এরফলে চরম সমস্যায় পড়েছেন খণ্ডঘোষ ব্লকের সাধারণ মানুষ। এই মুহূর্তে খণ্ডঘোষ ব্লকে এক ট্রলি বালির দাম সাড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকা। শুধু তাই নয় ইন্দিরা আবাস উপভোক্তারা বৈধ নথি নিয়ে বালিখাদে বালি কিনতে গেলেও তাদেরকেও চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাদের অভিযোগ খণ্ডঘোষ ব্লকের বালিখাদ মালিকেরা, পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছে চালান সহ এক ট্রলি বালির দাম আনুমানিক ৪২০০ টাকা লাগবে। সেই বালি উপভোক্তাদের বাড়িতে পৌঁছতে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা খরচা হচ্ছে বলে জানান তারা। অন্যদিকে ট্রাক্টর মালিকদের দাবি, বালিখাদ মালিকেরা অবিলম্বে বালির দাম কমিয়ে ট্রাক্টরে বালি লোড দেওয়া শুরু করুন। যাতে আমরা সাধারণ মানুষকে তাদের সাধ্যের মধ্যে বালি দিতে পারি। তারা আরও বলেন, বালিখাদ মালিকেরা যদি আমাদের দাবিগুলি না মেনে নেন তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবো।



