বাড়ি বাড়ি ঘুরে শিশুদের হাতে কেক তুলে দিলেন কাউন্সিলর

 

বাড়ি বাড়ি ঘুরে শিশুদের হাতে কেক তুলে দিলেন কাউন্সিলর

বর্ধমান শহরের ২১ নম্বর ওয়ার্ডে প্রতিটি বাড়িতে ঘুরে ঘুরে সেখানকার শিশুদের হাতে বড়দিনের কেক তুলে দিলেন এই ওয়ার্ডের কাউন্সিলর শ্যামাপ্রসাদ বন্দ্যোপাধ্যায়। শ্যামাপ্রসাদ বলেন, খ্রীস্টান ধর্মে যীশু খ্রীষ্টের জন্মদিনকে কেন্দ্র করে ২৫ ডিসেম্বর দিনটি পালন করা হয়। আমরা এই দিনটিকে বড়দিন বলে থাকি। আর এই দিনটাতে বিভিন্ন পরিবারে নানান খাবারের আয়োজন করা হয়। কেক, মিষ্টি, পায়েশ ইত্যাদি রান্না করা হয়। কিন্তু পিছিয়ে পড়া পরিবারের পক্ষে এটা সবসময় সম্ভব হয় না। তাই তাদের কথা চিন্তা করে ওয়ার্ডের প্রতিটি পরিবারে পৌঁছে সেখানকার শিশুদের হাতে কেক তুলে দিয়েছি। এই কাজ করার মধ্যে দিয়ে একটা আলাদা আনন্দও পেয়েছি। এইভাবে শিশুদের পাশে এমন একটা সুন্দর দিনে থাকতে পারার তৃপ্তিটাই আলাদা। তিনি বলেন, এলাকার মানুষের পাশে থাকার ব্যাপারে সবসময় সচেষ্ট রয়েছি।