বর্জ্য প্রক্রিয়াকরণ নিয়ে বিশেষ উদ্যোগ I সন্ত্রাস মুক্ত বিশ্ব গড়ার বার্তা দিয়ে কাশ্মীর থেকে ফিরে এলেন সুতপা I টিবি রোগীদের পাশে দাঁড়ালো নার্সিংহোম মালিকদের সংগঠন


1
বর্জ্য প্রক্রিয়াকরণ নিয়ে বিশেষ উদ্যোগ

বর্জ্য প্রক্রিয়াকরণ নিয়ে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের অন্তর্গত মহাবিদ্যালয়ে। এই শিক্ষাঙ্গনে জমে থাকা প্রায় ১৮৪ কেজি বর্জ্য সামগ্রী বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রক্রিয়াকরণের জন্য নিয়ে যাওয়ার ব্যবস্থা করে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। কলেজে থাকা কঠিন ও বৈদ্যুতিন বর্জ্য সামগ্রী তাদের হাতে তুলে দেওয়া হয় বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ শ্রাবন্তী বন্দোপাধ্যায়। তিনি জানান, বিশ্ব পরিবেশ দিবস আগামী ৫ জুন। ঠিক তার আগে “মোদের ভূমি মোদের শক্তি” শীর্ষক জলবায়ু ও পরিবেশ সংক্রান্ত বিশেষ কর্মসূচীর আয়োজন করা হয় এখানে। তারই অঙ্গ হিসেবে এই কার্যক্রম পালিত হয় একটি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে। আমরা আশা রাখছি, এই ধরনের কর্মসূচী কলেজের ছাত্র-ছাত্রীদেরও অনুপ্রাণিত করবে। পরিবেশ সুরক্ষার বিষয়ে তারা আরও বেশি করে সচেতন হবে। (পজ্)

2
সন্ত্রাস মুক্ত বিশ্ব গড়ার বার্তা দিয়ে কাশ্মীর থেকে ফিরে এলেন সুতপা

পূর্ব বর্ধমান জেলার নাদনঘাট থানার অন্তর্গত রাজাপুর থেকে সন্ত্রাস মুক্ত বিশ্ব গড়ার বার্তা দিতে কাশ্মীরে পৌঁছেছিলেন বাঘনাপাড়া সি কে ডি গার্লস হাইস্কুলের শারীরিক শিক্ষা বিভাগের শিক্ষিকা সুতপা দাস। ২২ দিনে তার অভিযান শেষ করে পুনরায় তিনি রাজাপুরে ফিরে এলেন কাশ্মীরের লাদাখ থেকে। এ প্রসঙ্গে সুতপা দেবী জানান, গত ৫ মে আমি এই অভিযান শুরু করেছিলাম। আমার এই ভারত অভিযানে আমি অতিক্রম করেছি ঝাড়খন্ড, বিহার, উত্তরপ্রদেশ, দিল্লী, হরিয়ানা, হিমাচল প্রদেশ, লাদাখ, কাশ্মীর, পাঞ্জাব, উত্তরাখণ্ড রাজ্য। লাদাখে পৌঁছে আমি সেখানে দাঁড়িয়ে সন্ত্রাসমুক্ত বিশ্ব গড়ার বার্তা যেমন দিয়েছি, তেমনই কাশ্মীরের ডাল লেকের সামনে দাঁড়িয়েও একই বার্তা দিয়েছি। আবার এই বার্তা পৌঁছে দিয়েছি নৈনিতালেও। আমি চাই ভারতের পাশাপাশি সারা বিশ্বের বুকে মানুষ যেন নির্ভয়ে চলাফেরা করতে পারেন। বিশ্বের সমস্ত দেশকে তারজন্য একজোট হয়ে সন্ত্রাসবাদকে ধ্বংস করতে হবে। এক সন্ত্রাসমুক্ত সুন্দর পৃথিবী গড়ে তুলতে হবে। সেটাই হবে আমাদের সকলের একমাত্র লক্ষ্য। (পজ্)

3
টিবি রোগীদের পাশে দাঁড়ালো নার্সিংহোম মালিকদের সংগঠন

পূর্ব বর্ধমান জেলার বেলকাশ গ্রাম পঞ্চায়েত ও অল বেঙ্গল প্রাইভেট নার্সিংহোম অ্যান্ড হসপিটাল ওনার্স অ্যাসোসিয়েশন, পূর্ব বর্ধমান শাখার যৌথ উদ্যোগে টিবি রোগীদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো। মূলত টিবি মুক্ত ভারত ও পশ্চিমবঙ্গ গড়ে তোলার লক্ষ্য নিয়ে এই কর্মসূচীকে বাস্তবায়িত করার প্রচেষ্টা নেওয়া হয়েছে বলে জানালেন অল বেঙ্গল প্রাইভেট নার্সিংহোম অ্যান্ড হসপিটাল ওনার্স অ্যাসোসিয়েশনের, পূর্ব বর্ধমান শাখার সম্পাদক আব্বাসউদ্দিন সাহেব। তিনি বলেন, বেলকাশ পঞ্চায়েত অফিস থেকে এই টিবি রোগীদের হাতে নির্দিষ্ট খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এর মধ্যে রয়েছে চাল, ডাল, সোয়াবিন, সরষের তেল, হরলিক্স ইত্যাদি পুষ্টিকর খাদ্য সামগ্রী। মূলত স্বাস্থ্য দপ্তরের নির্দেশ মতোই এই সমস্ত খাদ্য সামগ্রী প্রদান করা হচ্ছে। এই কাজ এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে পাশে রয়েছেন সিএমওএইচ সহ অন্যান্য চিকিৎসকরা। আব্বাসউদ্দিন সাহেব আরও বলেন, এ মাসে ৩৩ জন টিভি রোগীর হাতে এই পুষ্টিকর খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো। ভবিষ্যতে আমরা এই কাজে সংগঠনের পক্ষ থেকে সবরকম সহযোগিতা করবো।
উপস্থিত ছিলেন বেলকাশ গ্রাম পঞ্চায়েতের স্বাস্থ্য পরিদর্শক রীতা মুখার্জী, বেলকাশ পঞ্চায়েতের সহায়ক নাসিরউদ্দিন শেখ প্রমুখ। তারা জানান, এই কর্মসূচী তিন বছর ধরে চলছে। এই গ্রাম পঞ্চায়েত এলাকায় বসবাসকারী টিবি ও লেপ্রোসি পেশেন্টদের কাছে পুষ্টিকর খাবার পৌঁছে দেবার ব্যবস্থা করা হয়েছে।