প্রত্যুষাকে সম্বর্ধনাজ্ঞাপন জামালপুর পঞ্চায়েত সমিতির
পূর্ব বর্ধমান জেলার জামালপুরের সোনার মেয়ে প্রত্যুষাকে সম্বর্ধনা দিলো জামালপুর পঞ্চায়েত সমিতি। পঞ্চায়েত সমিতির মিটিং হলে তাকে সম্বর্ধনাঞ্জাপন করা হয়। এই উপলক্ষ্যে উপস্থিত ছিলেন বিধায়ক অলোক কুমার মাঝি, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক, বিডিও পার্থসারথী দে,পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান, এ ডি এ, ব্লক স্বাস্থ্য আধিকারিক শঙ্খশুভ্র দাস, এসআই জামালপুর অনিন্দিতা সাহা সহ সকল পঞ্চায়েত সমিতির সদস্য, প্রধান ও উপ প্রধানরা। প্রসঙ্গত, প্রত্যুষা জামালপুর ব্লকের জোতশ্রীরাম অঞ্চলের কোরা গ্রামের মেয়ে। সে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। সম্প্রতি নেপালে হয়ে যাওয়া আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতায় বিশ্বের ১২ টি দেশ অংশ নিয়েছিল। প্রত্যুষা ওই প্রতিযোগিতায় অনূর্ধ্ব ১২ বিভাগে অংশ নিয়েছিল। এই প্রতিযোগিতায় যাবার আগে তাকে ব্লক স্তর থেকে কম্পিটিশন করে করে মহকুমা , জেলা , রাজ্য ও দেশের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে প্রথম হতে হয়েছে। অনূর্ধ্ব ১২ বিভাগে প্রথম স্থান অধিকার করে। শুধু তাই নয় সমস্ত বিভাগের চ্যাম্পিয়নদের নিয়ে হওয়া প্রতিযোগিতায় সে দ্বিতীয় স্থান পায়। তার এই সাফল্যে গর্বিত আপামর জামালপুরবাসী।
তার এই সাফল্যের স্বীকৃতিতে তার হাতে পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয় ফুলের তোড়া, দুটি সুন্দর ট্রফি, ২০ হাজার টাকার চেক, একটি মেডেল ও মিষ্টির প্যাকেট। মেহেমুদ খান বলেন, প্রত্যুষা যে কাজ করেছে তাতে তারা অত্যন্ত গর্বিত। এ যে কত আনন্দের, কত খুশীর তা বলে বোঝানো যাবে না। আজ তারা এই সোনার মেয়েকে তাই ব্লকে ডেকে পঞ্চাায়েত সমিতি থেকে সম্বর্ধনা জানালেন। অলোক কুমার মাঝি বলেন প্রত্যুষা যে কাজ করে দেখিয়েছে তা এক কথায় অনবদ্য।
বিডিও পার্থসারথী দে বলেন, প্রত্যুষার সাফল্যে সত্যি তাঁরা গর্বিত। সে তার এই সাফল্যের ধারা বজায় রেখে আগামীতে আরও অনেক দূর এগিয়ে যাক সেটাই তারা চান। পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এই সম্বর্ধনা পেয়ে খুশি প্রত্যুষা নিজে ও তার বাবা সুমিত কোলে ও মা পিয়ালী কোলে। তারাও চান মেয়ে এই সাফল্যের ধারাকে ধরে রাখুক।


