1
পশ্চিমবঙ্গে পরিবর্তন হবেই, দাবি ত্রিপুরার মুখ্যমন্ত্রীর
২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে পরিবর্তন হবেই। তৃণমূল কংগ্রেসের সরকার চলে যাবে। এ ব্যাপারে নিশ্চিত থাকুন সকলে। রাজ্যে কোনোভাবেই তৃণমূলের সরকার থাকবে না বলে দাবি করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। তিনি পরিবর্তন যাত্রায় অংশ নিয়ে বর্ধমানে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই কথাগুলি বলেন। ভোট পরবর্তী হিংসা আটকাতে কেন্দ্রীয় নির্বাচন কমিশন ডিএম-এসপিদের কড়া হতে বলেছেন। তা নাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়েছে। এ প্রসঙ্গে মানিক সাহা বলেন, আমি নির্বাচন কমিশনের উপরে কোনো কথা বলবো না। তবে এটুকু বলতে পারি বিষয়টা নিয়ে অবশ্যই প্রশাসনের ভাবনাচিন্তা করা উচিত। তারা নিশ্চয়ই ভাববেন। পশ্চিমবঙ্গে ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন হয় না। সেটা এবার হবে। এ ব্যাপারে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ভাবছেন, বিষয়টা নিয়ে ভাবছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিও। তাই তিনি সাধারণ মানুষকে আশ্বাস দেন, এবারে নির্বাচন সঠিকভাবেই হবে। একই সঙ্গে মানিক সাহা বলেন, পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই, এখানে বিরোধীদের কথা বলতে দেওয়া হয় না। তাদের রাজনৈতিক কর্মসূচী পালনে বাধা দেওয়া হয়। তিনি বলেন, ত্রিপুরায় আসলে এর বিপরীত চিত্র দেখতে পাবেন। সেখানে গণতন্ত্র কিন্তু সকলের জন্যই সমানভাবে প্রযোজ্য। তার এই পরিবর্তন যাত্রা কর্মসূচীতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ, ছিলেন বর্ধমান সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি অভিজিৎ তা সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।
2
বর্ধমান সাহিত্য পরিষদের উদ্যোগে সাহিত্যের আড্ডা
বঙ্গীয় সাহিত্য পরিষদ – এর বর্ধমান শাখা বর্ধমান সাহিত্য পরিষদ আয়োজিত মাসিক প্রথম সাহিত্যের আড্ডা অনুষ্ঠিত হলো সংস্থার নিজস্ব ভবনে। মনোরম পরিবেশে এদিনের সাহিত্যের আড্ডায় মেতে ওঠেন সকলে। এবারের আলোচনার বিষয় ছিল সম্প্রীতির বর্ধমান শহর, মন্দির, মসজিদ, গির্জা, গুরুদুয়ারা নিয়ে। প্রথমে সম্পাদক কাশীনাথ গাঙ্গুলী প্রাচীন বর্ধমান শহরের নানা তথ্য তুলে ধরে বিষয়ের উপরে সুন্দর বক্তব্য রাখেন। সভাপতি ছিলেন সাহিত্য গবেষক বিদ্যাভূষণ ভট্টাচাৰ্য। আলোচনাতে অংশগ্রহণ করেন লেখক ডঃ বনবিহারী মন্ডল, নিতাই মুখার্জী, শিক্ষক মানব সরকার, সাহিত্যপ্রেমী সৌম্য পাল। সঞ্চলনায় ছিলেন সুজিত চক্রবর্তী। সংগীতে অংশগ্রহণ করেন স্বাতী ব্যানার্জী, রুবি আজিম, আনোয়ার আলী, অরুণ শিকদার, করবী ঘোষ, কাকলি মজুমদার, মিঠু চক্রবর্তী। কবিতা পাঠে অংশ নেন, মিতা মন্ডল, পারমিতা দত্ত, তাপস ভূষণ সেনগুপ্ত,সুভাষ রায় প্রতিহার প্রমুখ। সকলের সমবেত প্রচেষ্টায় এদিনের সাহিত্যের আড্ডা জমজমাট হয়ে ওঠে।


