ধাত্রীগ্রামে অনুষ্ঠিত হলো হ্যাপি নিউ ইয়ার কাপ, উদ্বোধনে মন্ত্রী II জাতীয়স্তরে ক্যারাটে প্রতিযোগিতায় বর্ধমানের দ্য মার্শাল আর্টস একাডেমীর প্রশিক্ষার্থীদের জয়জয়কার

1
ধাত্রীগ্রামে অনুষ্ঠিত হলো হ্যাপি নিউ ইয়ার কাপ, উদ্বোধনে মন্ত্রী

পূর্ব বর্ধমান জেলার কালনা মহকুমার অন্তর্গত ধাত্রীগ্রাম গ্রাম পঞ্চায়েতের অধীন ধাত্রীগ্রামে অনুষ্ঠিত হলো হ্যাপি নিউ ইয়ার কাপ। দুদিন ব্যাপী দিবারাত্র ফুটবল প্রতিযোগিতার মধ্যে দিয়ে এই হ্যাপি নিউ ইয়ার কাপে ১৬ টি দল তাদের ক্রীড়া নৈপুণ্য প্রকাশ করে। এই হ্যাপি নিউ ইয়ার কাপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ। এদিন খেলার মাঠে নেমে খেলোয়াড়দের সঙ্গে পরিচয় পর্ব সারার পাশাপাশি স্বপনবাবু ফুটবলে কিক দিয়ে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করেন। এ প্রসঙ্গে স্বপন দেবনাথ বলেন, এলাকার ঐতিহ্য ক্রীড়া ও খেলাধুলার মান উন্নয়নের প্রচেষ্টায় এই ধরনের প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফুটবল খেলায় যারা অংশ নিচ্ছেন তারা এই প্রতিযোগিতার মধ্যে দিয়েই আগামী দিনে নিজেদের আরও সুপ্রতিষ্ঠিত করতে পারবেন। খেলার মাঠে এখন উৎসাহী তরুণ – যুবদের সংখ্যা কমে গেছে। তাই সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের আবার আজকের প্রজন্মের ছেলেমেয়েদের খেলার মাঠের প্রতি আকর্ষণ বাড়িয়ে তুলতে হবে।

2
জাতীয়স্তরে ক্যারাটে প্রতিযোগিতায় বর্ধমানের দ্য মার্শাল আর্টস একাডেমীর প্রশিক্ষার্থীদের জয়জয়কার

ওয়ার্ল্ড ক্যারাটে ফেডারেশনের রেফারি হানসি প্রেমজিৎ সেনের উদ্যোগে এবং অল ইন্ডিয়া সেইসিনকাই সিতো-রিউ ক্যারাটে ফেডারেশনের পরিচালনায় “২২তম অল ইন্ডিয়া ইন্টার স্কুল ও সিনিয়র ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ফেডারেশন কাপ ২০২৪” উত্তর প্রদেশের বারানসীর বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে গত ২৮শে ও ২৯শে ডিসেম্বর অনুষ্ঠিত হয়। ১৭টি রাজ্য থেকে প্রায় ১৫০০ প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। দ্য মার্শাল আর্টস একাডেমী বর্ধমানের চিফ কোচ রেনসি দেবাশিস কুমার মন্ডল এ প্রসঙ্গে জানিয়েছেন, এই প্রতিযোগিতায় সংস্থা থেকে মোট ৬ জন ক্যারাটেকা পশ্চিমবঙ্গের হয়ে অংশগ্রহণ করে এবং মোট ১২ টি পদক জয়লাভ করে। তার মধ্যে রয়েছে চারটি সোনা, তিনটি রূপো ও পাঁচটি ব্রোঞ্জ পদক। (পজ্)

দেবাশিসবাবু আরও জানান, জাতীয় স্তরের প্রতিযোগিতায় পূর্ব বর্ধমান জেলার খেলোয়াড়দের পদক জয়ের খবরে সকলে খুব আনন্দিত ও গর্বিত। এই পদক জয় আগামী দিনে ক্যারেটের প্রতি নবীন প্রজন্মের ছেলেমেয়েদের আরও আকৃষ্ট করবে বলেই আমরা আশাবাদী।