টেবিল ফ্যান চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু কংগ্রেস কর্মীর, পুরুলিয়ায় শোকের ছায়া
টেবিল ফ্যানে বিদ্যুৎ সংযোগ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হলো এক সক্রিয় কংগ্রেস কর্মীর। মৃতের নাম বংশীধর মাহাতো (৫২)। তিনি পুরুলিয়া মফস্বল থানার বাঁধগড় গ্রামের বাসিন্দা ছিলেন। পেশায় তিনি টেলিকম কর্মী ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে খবর, শনিবার সন্ধ্যায় নিজের বাড়িতে একটি টেবিল ফ্যান প্লাগে গোঁজার সময় আচমকাই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন বংশীধরবাবু। পরিবারের সদস্যরা তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাতো গভঃ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। রবিবার পুলিশ মৃতদেহটি ময়নাতদন্ত করায়।
এলাকার একজন সক্রিয় ও পরিচিত কংগ্রেস কর্মী হিসেবে পরিচিত ছিলেন বংশীধরবাবু। তাঁর এই আকস্মিক ও অকাল মৃত্যুতে পরিবারসহ সমগ্র বাঁধগড় গ্রাম ও স্থানীয় রাজনৈতিক মহলে গভীর শোকের ছায়া নেমে আসে।


