1
জেলা পুলিশের উদ্যোগে বিশেষ নাকা তল্লাশি
পূর্ব বর্ধমান জেলাজুড়ে গতরাত থেকে সুদৃঢ় নিরাপত্তার ঘেরাটোপে শুরু করা হয়েছে বিশেষ নাকা তল্লাশি। এই নাকা তল্লাশিতে অংশ নিয়েছেন পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার সায়ক দাস স্বয়ং। বর্ধমান শহরের উল্লাস মোড়ে বর্ধমান থানার পুলিশের সঙ্গে নাকা তল্লাশিতে অংশগ্রহণ করেন তিনি। জেলার অন্যান্য পুলিশ আধিকারিকরাও বিভিন্ন থানার বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ মোড়ে , রাস্তায় নাকা তল্লাশি চালান। পূর্ব বর্ধমান জেলা পুলিশ এভাবেই নাগরিকদের সুরক্ষায় এবং অপরাধীদের সকল অপচেষ্টাকে প্রতিহত করতে সদা তৎপর এবং প্রতিজ্ঞাবদ্ধ রয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে মাঝে মাঝেই এই ধরণের নাকা তল্লাশি করা হয় বলে জানা গেছে।
2
প্রাক্তন বিধায়ক মনোরঞ্জন প্রামাণিকের প্রতি শ্রদ্ধাঞ্জলি
খণ্ডঘোষ বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তথা শ্যামসুন্দর কলেজের অধ্যাপক প্রয়াত মনোরঞ্জন প্রামাণিকের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হলো। তার ৩৬ তম প্রয়াণ দিবস উপলক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারম্যান উজ্জ্বল প্রামাণিক, বর্ধমান পৌরসভার এমসিআইসি তথা ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত প্রামাণিক সহ একদা মনোরঞ্জন প্রামাণিকের ছায়াসঙ্গী স্বপন চক্রবর্তী, অমল ঘোষ শিশির সেন, অদল মাঝি প্রমুখ। উপস্থিত ছিলেন ২৯ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব ও কর্মীবৃন্দ। এদিন সদরঘাট ব্রিজের পাশে পোলেমপুরে প্রাক্তন বিধায়ক মনোরঞ্জন প্রামাণিকের আবক্ষ মূর্তিতে তারা সকলে মাল্যদান করেন। উজ্জ্বল প্রামাণিক বলেন, বর্ধমান শহরের সঙ্গে দক্ষিণ দামোদর এলাকার যোগসূত্র স্থাপনে যে কৃষক সেতু নির্মাণ করা হয়েছে, তা গড়ে তোলার জন্য অক্লান্ত পরিশ্রম করেছিলেন প্রাক্তন বিধায়ক মনোরঞ্জন প্রামাণিক। তিনি বিষয়টি বিধানসভায় উত্থাপন করে তৎকালীন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শংকর রায় ও পূর্তমন্ত্রী। ভোলা সেনের সহায়তা আদায় করে নিয়েছিলেন। পরে এই সদরঘাটে সেতু নির্মাণ করা হয়। যার সুফল এই এলাকার মানুষরা সকলেই নিয়মিত পেয়ে চলেছেন। সুশান্ত প্রামাণিকও এদিন তার বক্তব্যে মনোরঞ্জন প্রামাণিকের কর্মময় জীবনের কথা উল্লেখ করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
3
ভোটাধিকার রক্ষায় তৃণমূলের সহায়তা শিবির
বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বাংলার ভোটাধিকার রক্ষার্থে বাংলার ভোট রক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে শহরের বিভিন্ন ওয়ার্ডে। এ প্রসঙ্গে বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় সিংহ রায় জানান, শহরের ৩৫ টি ওয়ার্ডেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এসআইআর-এর ফর্ম ফিলাপের জন্য সহায়তা শিবির খোলা হয়েছে। এই ফর্ম ফিলাপের বিষয়টি নিয়ে অনেকের কাছেই ধোঁয়াশা রয়েছে। তাই সঠিকভাবে এই ফর্ম ফিলাপের জন্য দলের পক্ষ থেকে সহায়তা শিবির খোলা হয়েছে। ৩৫ টি ওয়ার্ডের পাশাপাশি শহরে কার্জেন গেটের সামনে বিধায়ক সহায়তা কেন্দ্রে সহায়তা শিবিরের প্রধান কার্যালয়ে কাজ চলছে। তন্ময় জানান, কারুর কোনো সমস্যা দেখা দিলে তারা এই প্রধান কার্যালয় থেকে সেই সমস্যার সমাধানে যথাযথ উদ্যোগ নিচ্ছেন। তাদের লক্ষ্য হলো, একজন প্রকৃত ভোটারের নামও যেন ভোটার তালিকা থেকে বাদ না যায়। তাই প্রতিদিন তারা সকাল থেকে রাত পর্যন্ত এই সহায়তা শিবিরে উপস্থিত থাকছেন। প্রতিটি ওয়ার্ডের পাশাপাশি এই প্রধান কার্যালয় আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত চালু থাকবে। এ ব্যাপারে বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাসও তার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।


