গ্যাস সঙ্কটে রেস্তোরাঁ শিল্প, ঈদে সমস্যায় পড়ার আশঙ্কায় জেলাশাসক দপ্তরে স্মারকলিপি
বিভিন্ন জায়গায় বাণিজ্যিক গ্যাসের তীব্র সঙ্কট দেখা দিয়েছে। এরফলে কার্যত বিপর্যস্ত পূর্ব বর্ধমানের হোটেল ও রেস্তোরাঁ শিল্প। গ্যাস সিলিন্ডার সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি নতুন করে বুকিংও নেওয়া হচ্ছে না বলে অভিযোগ রেস্তোরাঁ মালিকদের। ফলে চরম সঙ্কটে পড়েছেন এই শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ী ও কর্মীরা।
ঈদের আগে এই পরিস্থিতি আরও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ব্যবসায়ীদের দাবি, দ্রুত সমস্যার সমাধান না হলে তারা বাধ্য হবেন দোকান বন্ধ করে দিতে। এতে বহু মানুষের জীবিকা সংকট দেখা দেবে।
এই অবস্থায় হোটেলস অ্যান্ড রেস্তোরাঁ অ্যাসোসিয়েশন অব বর্ধমান-এর সদস্যরা ১৯ মার্চ জেলাশাসকের দপ্তরে গিয়ে প্রয়োজনীয় গ্যাস সরবরাহের দাবিতে স্মারকলিপি দেন। তাদের আবেদন, অন্তত ৫০ শতাংশ চাহিদা অনুযায়ী সিলিন্ডার সরবরাহ করতে হবে, যাতে ঈদের সময় ব্যবসা চালিয়ে যেতে পারেন।
এই সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সামান্য এই সরবরাহটুকু পেলেও পরিস্থিতি কিছুটা সামাল দেওয়া সম্ভব হবে। তা নাহলে, বাধ্য হয়ে একাধিক হোটেল ও রেস্তোরাঁয় ঝাঁপ বন্ধ হতে পারে শহরে। এ ব্যাপারে জেলা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দিকে তাকিয়ে রয়েছেন রেস্তোরাঁ ব্যবসায়ীরা।


