কালনার রথে পিতলের হাত পরে আরোহণ করেন জগন্নাথ ও বলরাম
পূর্ব বর্ধমানের কালনার প্রাচীন জগন্নাথ তলার রথযাত্রায় দেখা যায় এক বিরল ঐতিহ্য। রথযাত্রা, উল্টোরথ ও স্নানযাত্রা—এই তিন বিশেষ দিনে জগন্নাথ ও বলরামের বিগ্রহে পিতলের হাত সংযুক্ত করে রথে আরোহণ করানো হয়। সুভদ্রা দেবী থাকেন চিরাচরিত হাতবিহীন রূপেই।
লোককথা অনুযায়ী, দেবশিল্পী বিশ্বকর্মা বৃদ্ধ কারিগরের রূপ ধরে পুরীর রাজা ইন্দ্রদ্যুম্নকে ২১ দিনের মধ্যে বিগ্রহ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু নির্ধারিত সময়ের আগেই মন্দিরের দরজা খুলে দেওয়ায় জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহ অসম্পূর্ণ অবস্থায় থেকে যায়। সেই থেকেই তাঁদের হাতবিহীন রূপ পূজিত হয়ে আসছে।
স্থানীয়দের বিশ্বাস, বর্ধমান মহারাজার স্বপ্নাদেশের পর থেকেই কালনায় এই বিশেষ রীতি চালু হয়। শতাব্দী প্রাচীন এই ঐতিহ্য দেখতে প্রতি বছর দূরদূরান্ত থেকে অসংখ্য ভক্ত ও দর্শনার্থী ভিড় জমান জগন্নাথ তলায়। রথযাত্রাকে ঘিরে বসে ঐতিহ্যবাহী গ্রামীণ মেলাও।


