কালনায় মহিষমর্দিনী পুজোয় উপস্থিত মন্ত্রী স্বপন দেবনাথ | বাংলা ভাষাভাষীদের উপর অত্যাচারের প্রতিবাদ সাংসদের | খণ্ডঘোষের উখরিদে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচী


1
কালনায় মহিষমর্দিনী পুজোয় উপস্থিত মন্ত্রী স্বপন দেবনাথ

প্রতিবছরের মতো এবছরও পূর্ব বর্ধমান জেলার কালনা শহরে মহিষমর্দিনী পুজো উপলক্ষ্যে পূজার্চনা ও মেলার আয়োজন করা হয়েছে। এই উপলক্ষ্যে মহিষমর্দিনী মাতার মন্ডপ প্রাঙ্গণে ঝুলন পূর্ণিমার পূর্ণ তিথিতে উপস্থিত হন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। তার সঙ্গে ছিলেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ ডাক্তার শর্মিলা সরকার, জেলাশাসক আয়েশা রাণী এ, পুলিশ সুপার শায়ক দাস, জেলা সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, কালনা পৌরসভার ভাইস চেয়ারম্যান তপন পোড়েল, জেলা আইএনটিটিইউসির সভাপতি সন্দীপ বসু প্রমুখ। এদিন মন্দিরে পুজো দেন মন্ত্রী স্বয়ং। এছাড়াও পূজোর দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে তিনি বৈঠকও করেন। মেলা প্রাঙ্গণে আয়োজিত তৃণমূল যুব কংগ্রেসের ক্যাম্পেও উপস্থিত হন মন্ত্রী। এখানে তার হাতে রাখি পরিয়ে দেন সাংসদ শর্মিলা সরকার। এক সুন্দর পরিবেশে তারা সকলে এই মন্ডপ ও মেলা প্রাঙ্গণ পরিদর্শন করেন। (পজ্)

2
বাংলা ভাষাভাষীদের উপর অত্যাচারের প্রতিবাদ সাংসদের

বাংলার বাইরে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষাভাষীদের উপর অত্যাচার করা হচ্ছে বলে অভিযোগ। আর তারই পরিপ্রেক্ষিতে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানালেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কীর্তি আজাদ। বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শহরের ১২, ১৩, ১৪ এবং ১৫ নম্বর ওয়ার্ডে একটি প্রতিবাদ মিছিল সংগঠিত হয়। মিছিল শেষে ১৩ নম্বর ওয়ার্ডে বিদ্যাসাগরের মূর্তির পাদদেশে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এই সভায় বক্তব্য রাখেন সাংসদ কীর্তি আজাদ, বিধায়ক খোকন দাস, বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় সিংহ রায় প্রমুখ।
কীর্তি আজাদ বলেন, বিজেপি একদিকে যেমন সাম্প্রদায়িকতার রাজনীতি করছে, তেমনই আবার জাতপাতের রাজনীতি শুরু করেছে। তাই বাংলা ভাষাভাষীদের উপর অত্যাচার করা হচ্ছে। আমরা ১৯৮৩ সালে যখন কপিল দেবের নেতৃত্বে বিশ্বকাপ ক্রিকেটে জয়লাভ করি, তখন সেই ক্রিকেট টিমে সব রাজ্যের ক্রিকেটাররা ছিলেন। হিন্দু, মুসলিম, খ্রিস্টান সহ সব ধর্মাবলম্বীরা ছিলেন। তাদের সাদরে বরণ করে নিয়েছিলেন এই বাংলার মানুষরা। তারা তখন কোন খেলোয়াড় কোন রাজ্যের মানুষ তা নিয়ে কোনো প্রশ্ন তোলেননি। ভারতীয় টিম হিসেবে সকলকে দেখেছিলেন। বাঙালিদের সেদিনের যে উচ্ছ্বাস, যে আনন্দ তা আমাদের আজও গর্বিত করে। অথচ এই বাংলা ভাষাভাষীদের বিরুদ্ধে আজ অত্যাচার করা হচ্ছে ভিন রাজ্যে। যা অত্যন্ত নোংরা রাজনীতির একটা বহিঃপ্রকাশ হচ্ছে। একে প্রতিহত করা দরকার। তাই আমরা আজ পথে নেমে এর প্রতিবাদ করছি। ভিন রাজ্যে বাংলা ভাষাভাষীদের উপরে অত্যাচারের তীব্র প্রতিবাদ করেন বিধায়ক খোকন দাস। তিনি বলেন, এই ধরনের ঘটনা বিজেপির নোংরা রাজনীতির ফসল। এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদে গর্জে উঠতে হবে। তন্ময় সিংহ রায় বলেন, আমাদের এই প্রতিবাদ কর্মসূচী ধারাবাহিকভাবে চলবে। (পজ্)

3
খণ্ডঘোষের উখরিদে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচী

পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের উখরিদ অঞ্চলে নওহাট গ্রামে ২০৪ ও ২০৫ নম্বর বুথে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচী অনুষ্ঠিত হলো। এদিন এই কর্মসূচীর আনুষ্ঠানিক সূচনা করেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম। স্থানীয় স্কুলে আয়োজিত এই কর্মসূচীতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিডিও অভীক ব্যানার্জী, উখরিদ গ্রাম পঞ্চায়েতের প্রধান অপূর্ব হাজরা সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এই কর্মসূচীকে মানুষের কাছে আরও আকর্ষণীয় করে তোলার জন্য এখানে একটি সেলফি জোনের আয়োজন করা হয়েছিল। এই সেলফি জোনে দুই শতাধিকের বেশি স্থানীয় মানুষ ছবি তোলেন। তাদের মধ্যে সেরা দুজনকে পুরস্কৃত করা হয়। অপার্থিব ইসলাম বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্য সরকারের পক্ষ থেকে এই কর্মসূচীকে শহর থেকে গ্রাম সর্বত্র রূপায়িত করা হচ্ছে। আমরা এই কর্মসূচীতে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণের বিষয়টিকে সুনিশ্চিত করতে উদ্যোগ নিয়েছি। এদিন এই কর্মসূচীতে অংশ নিয়ে বিডিও অভীক ব্যানার্জী এই ক্যাম্পে আগত মানুষজনদের আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচী বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে অবহিত করেন। (পজ্)