
এসএফআই ও ডিওয়াইএফআই – এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী
ভারতের ছাত্র ফেডারেশন ও ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের যৌথ উদ্যোগে বর্ধমান শহরের সেন্ট জেভিয়ার্স স্কুল, ষাড়খানা গলি, বড়োনীলপুর মোড় সহ বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হলো । এদিন এই বৃক্ষরোপণ কর্মসূচীর পাশাপাশি স্থানীয় মানুষজন এবং শিশুদের হাতে চারা গাছ তুলে দেওয়া হলো। এর পাশাপাশি এদিন কর্মসূচীর সূচনা পর্বেই চিকা মেন্ডিস, শহোলা মাসুদ, পাউলো পাউলিনো গুয়াজাজারা , কেন জারো উইওয়া সহ বিভিন্ন পরিবেশ আন্দোলনকারী যারা পরিবেশ রক্ষা করতে গিয়ে শহীদ হয়েছেন তাদের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। এদিনের এই কর্মসূচীতে উপস্থিতি ছিলেন এসএফআই জেলা কমিটির নেতা সৌরভ দাস , অমৃত রায়, ডিওয়াইএফআই পূর্ব বর্ধমান জেলা নেতৃত্ব অনির্বাণ রায় চৌধুরী সহ অন্যান্যরা। কর্মসূচী প্রসঙ্গে দুই সংগঠনের নেতৃত্বরা জানান, এটা কোনো একদিনের কর্মসূচী নয়। পরিবেশকে রক্ষা করার কাজ আমাদের প্রতিদিনের। তারই অঙ্গ হচ্ছে এই বৃক্ষরোপণ কর্মসূচী। আসলে পুঁজিবাদীদের দোসর দেশ ও সরকার আজ প্রতিদিন যখন জল, মাটি , জঙ্গলকে বিক্রি করার চক্রান্ত গ্রহণ করছে তখন এই প্রকৃতি ও পরিবেশকে রক্ষার দায়িত্ব আমাদের উপর এসে পড়ে। খুব স্বাভাবিকভাবে তাই এটি কোনো আনুষ্ঠানিক কর্মসূচী নয়। এটি হলো পরিবেশ বাঁচানোর আন্দোলনের অঙ্গ। যা আমাদের সারা বছর ধরে চালিয়ে যেতে হবে।


