ইফতার পার্টিতে উপস্থিত থেকে সম্প্রীতির বার্তা শ্যামাদাসের | খণ্ডঘোষে ফুটবল প্রতিযোগিতা | মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের পচাগলা দেহ উদ্ধার

1

ইফতার পার্টিতে উপস্থিত থেকে সম্প্রীতির বার্তা শ্যামাদাসের

পূর্ব বর্ধমান জেলার বলগোনা গ্রামে ইফতার পার্টির আয়োজন করা হয়। এই ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা কংগ্রেস কমিটির সম্পাদক (সংগঠন) শ্যামাদাস বন্দ্যোপাধ্যায়। ছিলেন সম্পাদক মুন্সী রফিকুল ইসলাম প্রমুখ। এই ইফতার পার্টিতে উপস্থিত থেকে শ্যামাদাস বন্দ্যোপাধ্যায় বলেন, এই বাংলা তথা ভারতের মাটি সম্প্রীতির বার্তা বহন করে। এখানে হিন্দু, মুসলিম, খৃষ্টান, জৈন, বৌদ্ধ সব ধর্মের মানুষ পাশাপাশি সহাবস্থান করেন। এটাই আমাদের সনাতন সংস্কৃতি। এই সংস্কৃতিকে ধ্বংস করার একটা চক্রান্ত চলছে। যে অশুভ শক্তি এই কাজ করছে তাদের বিরুদ্ধে সব ধর্মের মানুষকে একত্রিত হয়ে লড়াই করতে হবে। এই অপচেষ্টাকে প্রতিহত করতে হবে। এর মধ্যে দিয়ে এখানে আমাদের যে সম্প্রীতির পরিবেশ তাকে সুরক্ষিত রাখতে হবে। শ্যামাদাস বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির নিদর্শন হলো এই দেশ। সেই সম্প্রীতি আমাদের ছিল, আছে এবং আগামীদিনেও থাকবে। তিনি ইফতার পার্টিতে আগত প্রত্যেককে শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে বাংলা তথা ভারতের এই সনাতন সংস্কৃতিকে সুরক্ষিত রাখার কথা বলেন।

2
খণ্ডঘোষে ফুটবল প্রতিযোগিতা

সগড়াই অ্যাটলেটিক ক্লাব আয়োজিত একদিবসীয় কিশোর ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো খণ্ডঘোষ ব্লকেরই সগড়াই ফুটবল ময়দানে। এই ফুটবল প্রতিযোগিতায় মোট আটটি দল অংশগ্রহণ করে। আয়োজকদের সূত্রে জানা যায়, এই প্রতিযোগিতার ফাইনালে অংশগ্রহণ করে পাহাড়হাটি কোচিং সেন্টার এবং একমুঠো ওয়েলফেয়ার সোসাইটি, বর্ধমান। ফাইনালে বিজয়ী হয় একমুঠো ওয়েলফেয়ার সোসাইটি। সেরা খেলোয়াড় নির্বাচিত হন একমুঠো ওয়েলফেয়ার সোসাইটির তুড়ি। ফাইনালে তিনি হ্যাট্রিকও করেন। এই খেলার উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় প্রমুখ। অপার্থিব ইসলাম বলেন, খেলার মাঠকে যুবক যুবতীদের কাছে ক্রমশ আকর্ষণীয় করে তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শহর থেকে গ্রাম বিভিন্ন এলাকার ক্লাবগুলিকে তিনি এ ব্যাপারে অর্থ সাহায্য করেছেন। খেলোয়ারদের পাশে দাঁড়িয়ে তাদের আর্থিক সহায়তা দিয়েছেন। স্কুলগুলিতেও খেলার মান উন্নয়নে উদ্যোগ নিয়েছেন। ফলে আজকে ফুটবল, ক্রিকেট সহ বিভিন্ন প্রতিযোগিতায় হাজার হাজার মানুষ মাঠে উপস্থিত হচ্ছেন। যুবক-যুবতীরাও খেলার মাঠে আরও বেশি করে আসছেন। এটা একটা বড় সাফল্য বলা যায়।

3
মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের পচাগলা দেহ উদ্ধার

এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির পচাগলা দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো রবিবার বর্ধমান শহরে। এদিন শহরের কালনা রোডের পীরপুকুর এলাকায় বাড়ির বাথরুম থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে বর্ধমান থানার পুলিশ । মৃত ব্যক্তির নাম সজল কংসবণিক, বয়স আনুমানিক ৬৩ বছর। মানসিক রোগী হওয়ার কারণে তিনি কারও সঙ্গে কথাবার্তা বলতেন না। সবসময় ঘরে দরজা লাগিয়ে থাকতেন। এমনকি খাওয়াদাওয়াও করতেন না বলে জানালেন মৃতার ছেলে। গত শুক্রুবার শেষ বারের মতো তার ছেলের সঙ্গে তার কথা হয়েছিল। এদিন সকালে মৃতার ছেলে ডেকে ডেকে সাড়া না পেয়ে মিস্ত্রী এনে দরজা ভেঙে দেখতে পান বাড়ির বাথরুমে বস্ত্রহীন অবস্থায় সজলবাবু পড়ে আছেন। তৎক্ষণাৎ বর্ধমান থানার পুলিশকে খবর দিলে বর্ধমান থানার পুলিশ এসে দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়ে দেয়।