1
আন্তর্জাতিক শিশু দিবস কে কেন্দ্র করে ফুটবল প্রতিযোগিতা
১ জুন হলো আন্তর্জাতিক শিশু দিবস। এই উপলক্ষ্যে প্রতি বছরের মতো এ বছরও বর্ধমান ফিজিক্যাল কালচারাল সেন্টারের উদ্যোগে বিভিন্ন সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। ৩০ মে থেকে ১ জুন পর্যন্ত এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ৩০ মে ১৮ নম্বর ওয়ার্ডের বাঁশতলা, ভাতছালা বাঁকার মাঠে ১৬ বছরের নীচে শিশু-কিশোরদের নিয়ে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় জয়লাভ করে কালনা গেট জুনিয়র কিশোর সংস্থা। বিজিত দল হলো এইচএসএস, বাঘার, তালিত। এই ফুটবল প্রতিযোগিতা পরিচালনায় সর্বতোভাবে সহযোগিতা করেন ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা বর্ধমান পৌরসভার এমসিআইসি প্রদীপ রহমান। এ প্রসঙ্গে বর্ধমান ফিজিকাল কালচারাল সেন্টারের সম্পাদক গৌতম মজুমদার বলেন, আমাদের এই কর্মসূচী সফল করার ক্ষেত্রে ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আন্তরিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তিনি জানান, অন্যান্যদের মধ্যে এই খেলায় সম্পূর্ণভাবে সহযোগিতা করেন শুভঙ্কর দে, ডক্টর অর্ণব ঘোষ, সৌরভ চৌধুরী প্রমুখ। গৌতমবাবু জানান, মূলত শিশু-কিশোরদের মধ্যে খেলাধুলাকে প্রসারিত করার লক্ষ্য নিয়েই এই ধরনের ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এই খেলাকে কেন্দ্র করে স্থানীয় শিশু-কিশোরদের মধ্যে যথেষ্ট উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
2
প্রধানমন্ত্রীর বার্তাকে সামনে রেখে প্রস্তুতি নেবে দলঃ অভিজিৎ
অপারেশন সিঁন্দুর অভিযানের পর প্রথম পশ্চিমবাংলা সফরে আসেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২৯ মে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে আয়োজিত এক সভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। সেখান থেকেই তিনি রাজ্যের শাসক দলকে নিশানা করেন। বলেন, পশ্চিমবঙ্গে নির্মমতার সরকার চলছে। সর্বক্ষেত্রে সরকারের পক্ষ থেকে নির্মমতা লক্ষ্য করা গেছে। সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে যেমন দুর্নীতির লক্ষ্য করা গেছে, তেমনই আবার এই রাজ্যে মা-বোনেরাও নিরাপদ নন। সাধারণ মানুষও নিরাপত্তার অভাব বোধ করছেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্যে বিজেপির সরকার নিয়ে আসার জন্য বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। আর এরজন্য ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব ও কর্মীদের এখন থেকেই কোমর কষে নামার কথা বলেছেন তিনি। প্রধানমন্ত্রীর এই বক্তব্য প্রসঙ্গে তার মত জানাতে গিয়ে বর্ধমান সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি অভিজিৎ তা বলেন, প্রধানমন্ত্রীর কথা মতোই আমরা ইতিমধ্যেই আমাদের নির্বাচনী প্রস্তুতির কাজ শুরু করে দিয়েছি। আগামী ১ জুন কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভা করতে আসছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত হবেন বিজেপির নেতৃত্বরা। অমিত শাহজি এই সভা থেকে বিজেপি নেতৃত্ব ও কর্মীদের সংগঠনিক বার্তা দেবেন। আমরা সেই মতো আগামী নির্বাচনকে সামনে রেখে আমাদের যাবতীয় লড়াই আন্দোলনের প্রস্তুতি নেব।


