অতীতের স্মৃতি বিজড়িত কর্মস্থল পরিদর্শন করলেন মন্ত্রী
একটা সময় আইন নিয়ে পড়াশোনা করার পর পূর্ব বর্ধমান জেলার কালনা মহকুমা আদালতকে নিজের কর্মস্থল হিসেবে বেছে নিয়েছিলেন বর্তমানে রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। মন্ত্রী হওয়ার বহুদিন পর নিজের কর্মব্যস্ততার মাঝে স্মৃতি বিজড়িত সেই কর্মস্থলে হঠাৎ করেই এসে উপস্থিত হলেন স্বপন দেবনাথ। এর আগেও তার ব্যস্ততার মাঝে তিনি এখানে এসেছেন কয়েকবার। আবার বহুদিন পর নিজের সেই পুরনো কর্মস্থল পরিদর্শন করলেন স্বপনবাবু। এখানে আদালত চত্বরে এসে প্রবীণ – নবীন সব বয়সের আইনজীবীদের সঙ্গেই কথা বললেন তিনি। পাশাপাশি কোর্টের বিভিন্ন সেরেস্তাও ঘুরে দেখলেন তিনি। এ প্রসঙ্গে স্বপনবাবু বলেন, জীবনের অনেকটা সময়ই এখানে কাটিয়েছেন তিনি। তখন আইনজীবী হিসেবে তার দৈনন্দিন জীবন ছিল এই এলাকার সঙ্গে সম্পৃক্ত। ৯ ডিসেম্বর হঠাৎ করেই এখানে উপস্থিত হন তিনি। আর এখানে আসার পরে খানিকটা আবেগ তাড়িত হয়ে পড়েন স্বপনবাবু।


