৭২ তম সর্বভারতীয় সমবায় সপ্তাহ পালন খণ্ডঘোষে || টাউন স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষকের প্রয়াণে শোকজ্ঞাপন প্রাক্তনীদের || জেলা গ্রন্থাগার ভবনে সাংবাদিকদের নিয়ে কর্মশালা


1
৭২ তম সর্বভারতীয় সমবায় সপ্তাহ পালন খণ্ডঘোষে

সারা রাজ্যের সঙ্গে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকেও ৭২ তম সর্বভারতীয় সমবায় সপ্তাহ পালন করা হলো। এই উপলক্ষ্যে ১৯ নভেম্বর স্থানীয় উখরিদ অঞ্চলে সরঙ্গা কৃষি সমবায় উন্নয়ন সমিতি প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন এই অনুষ্ঠানের সূচনা করেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম। উপস্থিত ছিলেন সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের সিইও পিয়ালী সাহা, বিজিএম পার্থসারথি ঘোষ, সিডিও গৌতম মন্ডল, খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির দুই কর্মাধ্যক্ষ অনাবিল ইসলাম ও বিদ্যুৎকান্তি মল্লিক, উখরিদ গ্রাম পঞ্চায়েতের প্রধান অপূর্ব হাজরা, বিশিষ্ট সমাজসেবী সাইদুল ইসলাম সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে অপার্থিব ইসলাম বলেন, সমবায় ব্যবস্থাকে এই রাজ্যে সুষ্ঠুভাবে পরিচালনা করার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ভূমিকা অনস্বীকার্য। তাঁর আন্তরিক প্রচেষ্টায় সমবায় ব্যবস্থাকে আজ শহর থেকে গ্রাম সর্বত্রই বিস্তৃত করা সম্ভব হয়েছে। বিশেষ করে গ্রামীণ অর্থনীতির বিকাশে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ব্যবস্থাকে সুরক্ষিত রাখতে সকলকেই এগিয়ে আসতে হবে। এই ব্যবস্থায় ঋণ পরিশোধের বিষয়টিকে গুরুত্ব দিতে হবে।

2
টাউন স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষকের প্রয়াণে শোকজ্ঞাপন প্রাক্তনীদের

প্রয়াত হলেন বর্ধমান টাউন স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক দুর্গাপদ চট্টোপাধ্যায়। রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত এই জাতীয় শিক্ষাকের প্রয়াণে শিক্ষা জগতে যেন এক নক্ষত্র পতন ঘটলো। এই স্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন প্রাক্তনীর সম্পাদক বিশ্বজিৎ মল্লিক বলেন, আমরা এই মহান শিক্ষকের সান্নিধ্য পেয়েছি। তিনি শুধুমাত্র একজন শিক্ষকই ছিলেন না, তার পাশাপাশি কবি ও সাহিত্যিক হিসেবে প্রতিষ্ঠা পেয়েছিলেন। ছাত্রদের তৈরী করা ও তাদের জীবন গড়ে তোলার ক্ষেত্রে সহযোগিতা করার যে মানসিকতা তাঁর ছিল, তা আজকের দিনে খুব কমই লক্ষ্য করা যায়। বিদ্যালয়ের প্রতিও তাঁর ছিল অগাধ ভালোবাসা। তিনি একটা আত্মিক সম্পর্ক তৈরী করেছিলেন এই বিদ্যালয় ও এখানকার ছাত্রদের সঙ্গে। ফলে হাজার হাজার ছাত্রের মনে তিনি চিরকাল অমর হয়ে থাকবেন। তাঁর মৃত্যু আমাদের প্রত্যেককে শোকাহত করেছে, মর্মাহত করেছে। জানা গেছে, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। এই বিদ্যালয়ে তার কার্যকাল ছিল ১৯৯২ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত। এদিন প্রাক্তনীর অন্যান্যদের মধ্যে দুর্গাপদ চট্টোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রাক্তনীর সহ-সম্পাদক দেবাশিস দে, সভাপতি বিজয় তা, সহ-সভাপতি প্রিয়ব্রত পাঁজা প্রমুখ।

3
জেলা গ্রন্থাগার ভবনে সাংবাদিকদের নিয়ে কর্মশালা

বর্ধমান উদয়চাঁদ জেলা গ্রন্থাগার ভবনে এক সাংবাদিক কর্মশালার আয়োজন করা হয়। জেলা সমাজ কল্যাণ দপ্তরের অধীনস্ত ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটের উদ্যোগে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রাম শঙ্কর মন্ডল। ছিলেন কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস সুর, ইউনিসেফ – এর প্রতিনিধি শুভ্র কর প্রমুখ।
এই ধরনের কর্মশালার আয়োজনের যৌক্তিকতা নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন রাম শঙ্কর মন্ডল। এ বিষয়ে আলোকপাত করেন স্নেহাশীষ সুর, শুভ্র কর প্রমুখ।