1
৩১ তম আদিবাসী একাঙ্ক নাটক প্রতিযোগিতা
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী উন্নয়ন বিভাগ আয়োজিত জেলা ও আঞ্চলিক স্তরে ৩১ তম আদিবাসী একাঙ্ক নাটক প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো বর্ধমান ১ নম্বর ব্লকের অন্তর্গত প্রীতিলতা মঞ্চে। এই নাটক প্রতিযোগিতার উদ্বোধনী পর্বে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক প্রতীক সিং, জেলা পরিষদের সহকারী সভাধিপতি গার্গী নাহা, বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান উজ্জ্বল প্রামাণিক, জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি তথা আদিবাসী নেতা দেবু টুডু, বর্ধমান উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান কাকলি তা গুপ্ত, বর্ধমান ১ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মানস ভট্টাচার্য প্রমুখ। এদিন প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে এই নাটক প্রতিযোগিতার উদ্বোধন হয়। অনুষ্ঠানে উজ্জ্বল প্রামাণিক বলেন, যে কোনো নাটক মঞ্চস্থ করার মধ্যে দিয়ে বেশকিছু বার্তা সেখানে দেওয়া হয়। মূলত একটি দেশের আর্থ-সামাজিক অবস্থান, সমাজের আভ্যন্তরীণ চিত্র, বিভিন্ন পরিবারের চিত্র ফুটে ওঠে। যার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি, শিখতে পারি, উপলব্ধি করতে পারি। নাটক আমাদের পথ দেখায়।
2
এসআইআর-এর প্রতিবাদে বর্ধমানে বিধায়কের উদ্যোগে মিছিল
এসআইআর প্রক্রিয়া চলছে রাজ্যে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষ চূড়ান্ত হয়রানির শিকার হচ্ছেন। কেন্দ্রের বিজেপি সরকার নির্বাচন কমিশনকে হাতিয়ার করে এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে বৈধ ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্ত করেছে। এইসবের প্রতিবাদে বর্ধমান শহরে একটি প্রতিবাদ মিছিল সংগঠিত হলো। এই মিছিলের নেতৃত্ব দিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস। শহরের ৩৫ টি ওয়ার্ড থেকেই কাউন্সিলরদের নেতৃত্বে মিছিল এসে বর্ধমান টাউন হল প্রাঙ্গণে মিলিত হয়। সেখান থেকে প্রতিবাদ মিছিল এগিয়ে চলে উত্তরফটকের দিকে। এই প্রতিবাদ মিছিল থেকে কেন্দ্রের বিজেপি সরকারের এসআইআর প্রক্রিয়াকে হাতিয়ার করে গণতন্ত্র হত্যার যে প্রচেষ্টা তার প্রতিবাদ করা হয়। খোকন দাস বলেন, হাজার হাজার মানুষকে এই সময়ে চূড়ান্ত ভোগান্তির শিকার হতে হয়েছে। অসুস্থ মানুষ থেকে শুরু করে বৃদ্ধ-বৃদ্ধা কাউকেই ছাড় দেওয়া হয়নি। এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের চক্রান্তের প্রতিবাদে কলকাতা থেকে দিল্লী পর্যন্ত প্রতিবাদ আন্দোলন করেছেন। আমরাও এখানে কেন্দ্রীয় সরকারের অগণতান্ত্রিক নীতির প্রতিবাদে পথে নেমে বিক্ষোভ প্রদর্শন করেছি।


