1
২১ জুলাইকে কেন্দ্র করে যুব তৃণমূলের মহামিছিল বর্ধমানে
২১ জুলাই কলকাতার ধর্মতলায় রাজ্য তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শহীদ স্মরণ সভার আয়োজন করা হয়েছে। এই সভায় বক্তব্য রাখবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই সভাকে সফল করার লক্ষ্যে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে এক মহামিছিলের আয়োজন করা হয়। এই মিছিলে অংশ নেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্ব দেবাংশু ভট্টাচার্য, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, সহকারি সভাধিপতি গার্গী নাহা, বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ ডাক্তার শর্মিলা সরকার, বিধায়ক শম্পা ধাড়া, মধুসূদন ভট্টাচার্য প্রমুখ। উপস্থিত ছিলেন যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রাসবিহারী হালদার। তিনি বলেন, একুশে জুলাইয়ের সভাকে সফল করতে আমরা যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রচার কার্য চালিয়ে চলেছি। একইসঙ্গে কেন্দ্রীয় সরকারের বাংলা ভাষাভাষীদের উপর বিদ্বেষমূলক আচরণের প্রতিবাদে আমরা আজ পথে নেমেছি। এদিন এই মিছিল শুরু হয় বর্ধমান টাউন হল থেকে, মিছিল শেষ হয় রাজবাটি প্রাঙ্গণে। এখানে একটি সভাও অনুষ্ঠিত হয়।
2
খণ্ডঘোষে সুগন্ধী ধান চাষের প্রশিক্ষণ কৃষকদের
জেলার খণ্ডঘোষ ব্লকের বেরুগ্রাম গ্রাম পঞ্চায়েতের বোঁয়ইচন্ডীতে সুগন্ধী ধান চাষে প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো। খণ্ডঘোষ ব্লক সহ কৃষি অধিকর্তাকরণের রূপায়ণে ও বেড়ুগ্রাম গ্রাম পঞ্চায়েতের সহায়তায় আয়োজিত এই প্রশিক্ষণ শিবিরে এলাকার শতাধিক কৃষিজীবী অংশগ্রহণ করেন। শিবিরে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম, সহ কৃষি অধিকর্তা ডঃ অসীম কুমার ঘোষ, বেড়ুগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান পীযূষ সাহা সহ অন্যান্য বিশিষ্টজন। এদিনের এই শিবিরে শতাধিক কৃষক প্রশিক্ষণ নেন। এ প্রসঙ্গে অপার্থিব ইসলাম বলেন, এই ধরনের শিবির আয়োজনের ফলে সুগন্ধী ধান চাষের ক্ষেত্রে কৃষকরা খুবই উপকৃত হবেন। এই এলাকায় সুগন্ধী ধানের চাষ হয়ে থাকে। তিনি বলেন, চাষীদের পাশে রাজ্য সরকার রয়েছে। ২০১১ সালে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় শপথ গ্রহণের পর কৃষকদের সার্বিক উন্নয়নে তিনি সবসময় সহযোগিতা করে চলেছেন। তারজন্য একাধিক প্রকল্প কার্যকর করা হয়েছে রাজ্যে। এর পাশাপাশি কৃষি দপ্তরের পক্ষ থেকে এই ধরনের শিবির আয়োজনের মধ্যে দিয়ে চাষীদের ধান চাষের মান উন্নত করার প্রচেষ্টা নেওয়া হয়েছে।
সহ কৃষি অধিকর্তা ডঃ অসীম কুমার ঘোষ বলেন, খন্ডঘোষ এবং রায়না ১ ও ২ ব্লক সুগন্ধী ধান চাষে জি.আই. পেয়েছে। এখানে সুগন্ধী ধানের চাষ যাতে আরও ভালোভাবে করা যায় তারজন্য কৃষকদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আমরা চাই এই ধরনের ধান চাষের মধ্যে দিয়ে কৃষকরা উন্নত মানের ফসল উৎপাদন করুন। এতে তারা আর্থিকভাবে লাভবান হবেন।


