হাসপাতালে বাউন্ডারি ওয়াল ও গেটের ভিত্তিপ্রস্তর স্থাপনে সাংসদ | নির্মল ঝিল শ্মশানে জেনারেটরের জন্য সাড়ে সাত লক্ষ টাকার চেক প্রদান


1
হাসপাতালে বাউন্ডারি ওয়াল ও গেটের ভিত্তিপ্রস্তর স্থাপনে সাংসদ

বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ ডাঃ শর্মিলা সরকার তার সাংসদ তহবিল থেকে ২০ লক্ষ টাকা দেবেন জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রকে। ওই টাকায় হাসপাতালের বাউন্ডারি ওয়াল ও দুটি গেট তৈরী করা হবে। তারই ভিত্তিপ্রস্তর স্থাপন করতে জামালপুরে এলেন সাংসদ ডাক্তার শর্মিলা সরকার। তিনি হাসপাতালটি ঘুরেও দেখেন। তার সঙ্গে ছিলেন বিধায়ক অলোক কুমার মাঝি, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক,বিডিও পার্থসারথী দে, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান, ব্লক স্বাস্থ্য আধিকারিক শঙ্খ শুভ্র দাস, জামালপুর ২ গ্রাম পঞ্চায়েত প্রধান মিঠু পাল সহ অন্যান্যরা। শর্মিলা সরকার বলেন, তিনি তার সাংসদ তহবিল থেকে আপাতত ২০ লক্ষ টাকা দিচ্ছেন। পরে প্রয়োজন হলে জামালপুরের বিধায়ক দেবেন। তার পরেও প্রয়োজন হলে তিনি বিষয়টি বিবেচনা করার আশ্বাস দেন। এরপর তিনি জামালপুর মহাবিদ্যালয়ে যান। সেখানে তিনি একটি হাইমাস লাইট দিয়েছেন।
বিকেলে তিনি জৌগ্রাম এলাকায় জৌগ্রাম, আবুঝহাটি ১ ও ২ এই তিনটি অঞ্চল নিয়ে একুশে জুলাইয়ের সমর্থনে একটি পথসভা করেন। সেখানে প্রায় তিন থেকে চার হাজার কর্মী-সমর্থক উপস্থিত হন। মেহমুদ খান বলেন, সাংসদ এলাকার উন্নয়নে সবরকম ভাবে সহযোগিতা করে চলেছেন। এখানে একুশে জুলাইয়ের সভার সমর্থনে তিনি প্রচারও করেছেন। (পজ্)

2
নির্মল ঝিল শ্মশানে জেনারেটরের জন্য সাড়ে সাত লক্ষ টাকার চেক প্রদান

নির্মল ঝিল শ্মশানে ব্যবহারের জন্য নিজস্ব জেনারেটর খুবই প্রয়োজন ছিল। এতদিন পৌরসভার পক্ষ থেকে জেনারেটর ভাড়া করে দাহকার্য চালানো হতো। এবার পৌরসভা যাতে নিজস্ব জেনারেটর ব্যবহার করতে পারে তারজন্য আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা সেন্টজন অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশন বর্ধমান সেন্টারের পক্ষ থেকে বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকারের হাতে সাড়ে সাত লক্ষ টাকার চেক তুলে দেওয়া হলো। এই চেক তুলে দেন সংস্থার বর্তমান সহ-সভাপতি আইনজীবী সঞ্জয় ঘোষ। উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস, সংস্থার আরেক সহ-সভাপতি বিশ্বনাথ ঘর, ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বীকৃতি হাজরা, সমাজসেবী সুব্রত মন্ডল, সংস্থার সম্পাদক মনোজ সাধু প্রমুখ। এদিন অনুষ্ঠানের প্রারম্ভে স্বাগত ভাষণ দেন মনোজ সাধু। তিনি সংস্থার এই উদ্যোগ গ্রহণের বিষয়টি সকলের সামনে তুলে ধরেন।
তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানান বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। তিনি বলেন, যারা ভালো কাজ করে তারা কাজ করতে গেলে অনেক বাধা-বিপত্তি আসে। কিন্তু এই সব কিছুকে অতিক্রম করে কাজ করে যেতে হয়। এই সংস্থা মানব সেবায় যে কাজই করবে তাদের পাশে তারা থাকবেন। পরেশ সরকার বলেন, সেন্টজন অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশন বর্ধমান সেন্টারের পক্ষ থেকে যে সহযোগিতা করা হলো, তা বর্ধমান পৌরসভার পক্ষ থেকে তারা সাদরে গ্রহণ করছেন। যে উদ্দেশ্যে এই অর্থ প্রদান তা যাতে সার্থকতা লাভ করে সেই প্রচেষ্টা তারা অবশ্যই নেবেন। মানুষের পাশে থাকার ব্যাপারে বর্ধমান পৌরসভা সবসময় অঙ্গীকারবদ্ধ রয়েছে বলে জানান পরেশবাবু। (পজ্)