স্বামী দেবানন্দ আই ডে কেয়ার সেন্টারের উদ্বোধন || প্রয়াত জয়দেব সরখেলকে শ্রদ্ধা জ্ঞাপন || নো বিল নো পারচেজঃ বিশেষ অভিযান বর্ধমানে || এসআইআর-এর ফর্ম ফিলাপে খন্ডঘোষে সহযোগিতা তৃণমূলের


1
স্বামী দেবানন্দ আই ডে কেয়ার সেন্টারের উদ্বোধন

বর্ধমান শহরের নিকটবর্তী নাদড়ায় স্বামী দেবানন্দ মিশনের পরিচালনায় একটি আই ডে কেয়ার সেন্টারের শুভ উদ্বোধন হলো। উদ্বোধন করলেন বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান উজ্জ্বল প্রামাণিক। উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী তথা বর্ধমান পৌরসভার কাউন্সিলর অরূপ দাস সহ বিশিষ্ট চিকিৎসকবৃন্দ ও স্বামী দেবানন্দ মিশনের সদস্যরা। ২৩ নভেম্বর প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে এই আই ডে কেয়ার সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উজ্জ্বল প্রামাণিক। তিনি বলেন, আমাদের সমাজে দুঃস্থ মানুষদের চিকিৎসা পরিষেবা পাওয়ার ক্ষেত্রে অর্থ একটা মূল বিষয়। সমাজের পিছিয়ে পড়া পরিবারের মানুষরা যাতে স্বল্প খরচে নিজেদের চোখ সংক্রান্ত পরিষেবা পান তারজন্যই এই আই ডে কেয়ার সেন্টারের সূচনা করা হলো। এর ফলে বহু সাধারণ মানুষ উপকৃত হবেন। এই ধরনের একটি উদ্যোগকে সার্থক করে তোলার জন্য উজ্জ্বল প্রামাণিক উপস্থিতি চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদেরও আহ্বান জানান। তিনি বলেন, এই প্রতিষ্ঠান নানাভাবে সামাজিক কাজের সঙ্গে যুক্ত রয়েছে। এই সেন্টার আগামী দিনে স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করবে। এখানে আউটডোর এবং ইনডোর দুই পরিষেবা ব্যবস্থাই রয়েছে বলে জানা গেছে।

2
প্রয়াত জয়দেব সরখেলকে শ্রদ্ধা জ্ঞাপন

গত ৮ নভেম্বর প্রয়াত হয়েছেন বর্ধমান ভারত বিদ্যা চর্চা কেন্দ্রের ডিরেক্টর বিশিষ্ট অধ্যাপক জয়দেব সরখেল। এই উপলক্ষ্যে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য স্থানীয় বর্ধমান শিবকুমার হরিজন বিদ্যালয়ে এক স্মরণসভার আয়োজন করা হয়। ২৩ নভেম্বর আয়োজিত এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন ভারত বিদ্যা চর্চা কেন্দ্রের সভাপতি অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, সহ-সভাপতি সুকৃতি ঘোষাল, প্রাক্তন সম্পাদক শিখা আদিত্য, কবিতা মুখোপাধ্যায় প্রমুখ। এদিন উপস্থিত সকলেই প্রয়াত জয়দেব সরখেলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন। উপস্থিত বিশিষ্টরা প্রত্যেকে ডক্টর জয়দেব সরখেলের কর্মময় ও বর্ণময় জীবনের নানান দিক তুলে ধরেন। এক ভাবগম্ভীর পরিবেশে এই স্মরণ সভাটি অনুষ্ঠিত হয়।

3
নো বিল নো পারচেজঃ বিশেষ অভিযান বর্ধমানে

পশ্চিমবঙ্গ সরকার উপভোক্তা বিষয়ক দপ্তর, উপভোক্তা বিষয়ক ও ন্যায্য বাণিজ্য অনুশীলন অধিকার পূর্ব বর্ধমান আঞ্চলিক শাখার উৎসাহে এবং বর্ধমান সদর প্যায়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে, বর্ধমান শহর জুড়ে “নো বিল নো পারচেজ” নামে ভারতবর্ষের মধ্যে প্রথমবার এক বিশেষ অভিযান চালানো হয়। যে অভিযানের মধ্যে দিয়ে বর্ধমান শহরের বিবেকানন্দ কলেজ মোড় বাজার, তেলিপুকুর, আলিশা বাসস্ট্যাণ্ড, পুলিশলাইন বাজার, পারবীরহাটা, কার্জন গেট, স্টেশন বাজার, পূর্বাশা বাসস্ট্যাণ্ড, বড়বাজার এবং রাণীগঞ্জ বাজার এলাকায় ব্যাপকভাবে প্রতিটি কেনাকাটায় বিল নেবার জন্য দশ ঘন্টা ধরে ক্রেতাদের উৎসাহিত করা হয়। একইসঙ্গে বিক্রেতাদেরও বিল দেবার জন্য উৎসাহিত করা হয়। উপভোক্তা বিষয়ক ও ন্যায্য বাণিজ্য অনুশীলন অধিকার পূর্ব বর্ধমান আঞ্চলিক শাখার তরফে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সুচিস্মিতা মুখার্জী। সংস্থার সম্পাদক প্রলয় মজুমদার জানান, বিল নিয়ে কেনাকাটা করা দশজন ক্রেতাকে ‘সেরা ক্রেতা পুরষ্কার’ দেওয়া হয় এবং সকল ক্রেতাকে বিল দেওয়া দশ জন বিক্রেতাকে ‘সেরা বিক্রেতা পুরষ্কার’ দেওয়া হয়। পুরস্কৃত হওয়া ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। মূলত উপভোক্তা বিষয়ক দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্রের উৎসাহে হওয়া এই অনুষ্ঠান ঘিরে শহরবাসীর মধ্যেও প্রবল উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়।

4
এসআইআর-এর ফর্ম ফিলাপে খন্ডঘোষে সহযোগিতা তৃণমূলের

নির্বাচন কমিশনের মাধ্যমে এসআইআর প্রক্রিয়া কার্যকর রয়েছে রাজ্যে। এই প্রক্রিয়ায় নির্দিষ্ট ফর্ম ফিলাপের মধ্যে দিয়ে ভোটাধিকার রক্ষার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন নিযুক্ত বিএলওরা বাড়ি বাড়ি পৌঁছে এসআইআর-এর ফর্ম দিয়ে আসছেন। কিন্তু এই ফর্ম ফিলাপের ক্ষেত্রে অনেকেরই সমস্যা হচ্ছে। তাই দলীয় নির্দেশে সেই সমস্যার সমাধানে সর্বত্রই তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীরা সাধারণ মানুষকে সহযোগিতা করছেন। এরজন্য বাংলার ভোট রক্ষা শিবিরের আয়োজন করা হচ্ছে। তেমনই একটি শিবিরের আয়োজন করা হয়েছে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের উখরিদ অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এ খবর জানিয়েছেন, খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম। তিনি বলেন, ভোটার লিস্টে নাম তোলার বিষয়টি একটি সাধারণ প্রক্রিয়া। সারা বছর ধরেই এই প্রক্রিয়া কার্যকর থাকে। কিন্তু এবার বিশেষভাবে এসআইআর প্রক্রিয়ার মধ্যে দিয়ে ভোটার তালিকায় নাম তোলার বিষয়টিকে কার্যকর করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। যার মাধ্যমে কেন্দ্রীয় সরকার ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার একটা চক্রান্ত করছে বলে অভিযোগ। অপার্থিব বলেন, এইভাবে অন্যান্য রাজ্যে ভোটের আগে এসআইআর করে প্রকৃত ভোটারদের অনেকের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। সেই জায়গায় ভিন রাজ্যের লোকেদের নাম ঢুকিয়ে সেখানে ভোটে জয়লাভ করেছে বিজেপি। এইভাবে চক্রান্ত করে তারা বিভিন্ন রাজ্যে বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও তারা সেই প্রচেষ্টাই চালাচ্ছে। কিন্তু এখানে সেটা সম্ভব হবে না বলে উল্লেখ করেন অপার্থিব ইসলাম। তিনি বলেন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, এখানকার কোনো বৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া চলবে না। একজন ভোটারের নামও যদি বাদ যায় তাহলে তার বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন গড়ে তোলা হবে। আয়োজিত এই শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায়,ঔ উখরিদ গ্রাম পঞ্চায়েতের প্রধান অপূর্ব হাজরা প্রমুখ।