শিশুকন্যাকে সঙ্গে নিয়ে নিখোঁজ স্বামীর খোঁজে পথে নেমেছেন স্ত্রী II বিশ্ব এইডস দিবসে রক্তদান শিবিরের আয়োজন II বর্ধমান জেলা ব্যবসায়ী সুরক্ষা সমিতির উদ্যোগে আনন্দদান অনুষ্ঠান II গ্রীন স্কুল অ্যাক্টিভিটি নিয়ে বিদ্যালয়স্তরে আলোচনা

 

1
শিশুকন্যাকে সঙ্গে নিয়ে নিখোঁজ স্বামীর খোঁজে পথে নেমেছেন স্ত্রী

তার স্বামী কাজে বেরিয়ে ঘরে ফেরেননি। তাই নিখোঁজ স্বামীকে খুঁজতে বছর তিনেকের মেয়েকে সঙ্গী করে পথে-ঘাটে ঘুরছেন অসহায় স্ত্রী। বিভিন্ন দোকানে ছবি দেখিয়ে তার স্বামীকে খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বাঘনাপাড়ার পাতাইগাছি এলাকার বাসিন্দা পিংকি ঘোষ। ইতিমধ্যেই কালনা থানায় নিখোঁজ ডায়েরিও করেছেন ওই গৃহবধূ। থানাতেও ঠিক মতন তাকে সহযোগিতা করা হচ্ছে না বলে অভিযোগ তার। জানা গেছে, কালনার সূর্যপুর এলাকার বাসিন্দা সুভাষ ঘোষ তার স্ত্রী এবং শিশুকন্যাকে নিয়ে বাঘনাপাড়ার পাতাইগাছি এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন। গত ২৪ তারিখ লরিচালক সুভাষ ঘোষ আর পাঁচটা দিনের মতোই কালনার খেয়াঘাট সংলগ্ন এলাকা থেকে গাড়ি নিয়ে কাজে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়ে ছিলেন। এরপর ওই রাতেই তার স্ত্রীকে তিনি ফোন করে জানান ” তিনি আটকা পড়ে গেছেন, তাকে নিয়ে যেতে”। এই কথা বলার পরই ফোনটি কেটে যায়। তারপর থেকেই ফোনের সুইচ অফ। এরপরই গত ২৫ তারিখ কালনা থানায় নিখোঁজ ডায়েরি করেন ওই গৃহবধূ। এরপর শনিবার থেকে তার স্বামীর ছবি দেখিয়ে মেয়েকে সঙ্গে নিয়ে স্বামীর খোঁজ চালাতে শুরু করেন ওই গৃহবধূ।

2
বিশ্ব এইডস দিবসে রক্তদান শিবিরের আয়োজন-

১ ডিসেম্বর ছিল বিশ্ব এইডস দিবস। বিশ্ব এইডস দিবসকে সামনে রেখে পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নসরতপুর পঞ্চায়েতের অন্তর্গত গোয়ালপাড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা প্রয়াসের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সংস্থার পক্ষ থেকে জানানো হয় বিগত ১৭ বছর ধরে তারা এই দিনটি বিভিন্ন সামাজিক কাজের মধ্যে দিয়ে উদযাপন করে আসছেন। বিগত বছরগুলির মতো এই বছরেও তারা এই কাজে ব্রতী হয়েছেন। এদিন এখানে রক্তদান শিবিরের পাশাপাশি এইডস নিয়ে একটি সচেতনতামূলক শিবিরেরও আয়োজন করা হয়। এইডস একটি মারণ ব্যাধি। কিছু সচেতনতা অবলম্বন করলে এই রোগের হাত থেকে বাঁচা সম্ভব। জনসাধারণের মধ্যে এইডস নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে তাদের এই এইডস সচেতনতা শিবিরের আয়োজন বলে জানান তারা। রক্তদান জীবন দান। একটু রক্ত বাঁচাতে পারে মুমূর্ষ রোগীর প্রাণ। হাসপাতালের ব্লাড ব্যাংকগুলোতে বর্তমানে রক্ত সংকট চলছে। তাই এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন। উদ্যোক্তারা আশা করছেন ৫০ জন রক্তদাতা আজ এখানে স্বেচ্ছায় রক্তদান করেন। কালনা ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ এখানে রক্ত সংগ্রহ করেন। বিশ্ব উষ্ণায়নের হাত থেকে পৃথিবীকে রক্ষা করতে উদ্যোক্তারা এদিন প্রতিটি রক্তদাতার হাতে একটি করে বৃক্ষচারা তুলে দেন। যার মূল লক্ষ্য হলো পরিবেশকে আরও সবুজে ভরিয়ে তোলা।

3
বর্ধমান জেলা ব্যবসায়ী সুরক্ষা সমিতির উদ্যোগে আনন্দদান অনুষ্ঠান

বর্ধমান জেলা ব্যবসায়ী সুরক্ষা সমিতির পক্ষ থেকে উৎসবে আনন্দদান শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েশা রাণী এ, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, অল ইন্ডিয়া বিজনেস ট্রেডার্স এই সর্বভারতীয় সংগঠনের রাজ্য শাখার সম্পাদক মধুসূদন ব্যানার্জী প্রমুখ।
এই কর্মসূচী প্রসঙ্গে জানাতে গিয়ে অনুষ্ঠানের আয়োজক সংগঠনের অন্যতম সদস্য সুকান্ত দাস বলেন, এবারের অনুষ্ঠানের মূল আকর্ষণ হলো আমাদের গর্ব ২০২৪ শীর্ষক সম্মান প্রদান। আমাদের মধ্যে থেকেই ব্যবসার কাজের সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি যারা সামাজিক ক্ষেত্রে নানান কাজ করেছেন এমন পাঁচজনকে আমরা সম্মানিত করেছি। এই সম্মান প্রদান অনুষ্ঠান এবারই আমরা প্রথম গ্রহণ করলাম। এই সম্মান প্রদান করতে পেরে আমরা খুবই আনন্দিত। এই অনুষ্ঠানে জেলাশাসকের পাশাপাশি সম্মান প্রাপকরাও তাদের অনুভূতির কথা তুলে ধরেন।

4
গ্রীন স্কুল অ্যাক্টিভিটি নিয়ে বিদ্যালয়স্তরে আলোচনা

বর্ধমান কেন্দ্রীয় বিদ্যালয় “পিএম শ্রী”- প্রকল্পের অধীন “ইকো ক্লাব”, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত প্রধান শিক্ষক ও শিক্ষারত্ন ড. সুভাষচন্দ্র দত্তকে “গ্রীন স্কুল অ্যাক্টিভিটি”- নিয়ে ইনভাইটেড এক্সপার্ট টক দেওয়ার জন্য ডেকেছিল I
পঞ্চম থেকে নবম শ্রেণী এবং ইকো ক্লাবের সমস্ত ছাত্রীরা সহ শিক্ষক-শিক্ষিকারা এই প্রোগ্রামে অংশগ্রহণ করেন I বিদ্যালয়ের প্রিন্সিপাল অভিজিৎ সাহা তার বক্তব্যে “পিএম শ্রী প্রকল্প”- কে কিভাবে “সবুজ স্কুল সক্রিয়তা ও প্রয়োগ”- য়ে উন্নত করা যায় সে বিষয়ে আলোকপাত করেন I বিদ্যালয় সিনিয়র পিজি টিচার তথা ইকো-ক্লাব ইনচার্জ, অতনু মাঝি ডক্টর দত্তের জীবনপঞ্জির সংক্ষিপ্ত বিবরণ দেন। কিভাবে গ্রীন স্কুল অ্যাক্টিভিটি করে তিনি তার বিদ্যালয়ের জন্য বিভিন্ন পুরস্কার নিয়ে এসেছেন – তা ব্যাখ্যা করেন। কি কি পুরস্কার তারা পেয়েছেন তাও জানান। সেই সঙ্গে বিভিন্ন গবেষণামূলক কাজ ছাত্র-ছাত্রীদের মাধ্যমে করিয়ে স্কুলের দিশা দেখান তাও উল্লেখ করেন l
তিনি ছাত্র-ছাত্রীদের কাঞ্চননগর হাইস্কুলের জীববৈচিত্র্য বিশেষ করে পেঁচাদের থাকার বা পাখিদের থাকার আর্টিফিশিয়াল টেস্ট বা পাখির থাকার কৃত্রিম জায়গা দেখবার জন্য অনুরোধ করেন l ডক্টর দত্ত তাদের উদ্বুদ্ধ করতে কিভাবে জীববৈচিত্র্য সম্পন্ন স্কুল সহজে বানানো যায় এবং সমাজে তার প্রতিপালন ঘটানো যায় তার ব্যাখ্যা করেন