1
লকআপে তৃণমূলকর্মীর মৃত্যু, পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বিক্ষোভের মুখে মমতা
হালিশহর থানার লকআপে তৃণমূলকর্মী বিরজু কেয়টের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। পরিবারের সঙ্গে দেখা করতে রবিবার হালিশহরের ভূতবাগানে গেলে বিক্ষোভের মুখে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর গাড়ি ঘিরে ‘চোর, চোর’ স্লোগান ওঠে। গাড়ি লক্ষ্য করে কাদা ও জুতো ছোড়ার অভিযোগও উঠেছে।
বিরজুর বিরুদ্ধে তোলাবাজি, হুমকি, আর্থিক প্রতারণা ও অস্ত্র আইনে মামলা ছিল। শুক্রবার আদালত তাঁকে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। পুলিশের দাবি, শনিবার লকআপে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁর মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, পুলিশের মারধরের জেরেই মৃত্যু হয়েছে। পুলিশ অবশ্য সেই অভিযোগ অস্বীকার করেছে।
2
পথ নিরাপত্তা সপ্তাহের শেষ দিনে পুলিশ প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি
পথ নিরাপত্তা সপ্তাহের শেষ দিনে সাধারণ পথচারী ও বাইক আরোহীদের সচেতন করতে বর্ধমান টাউন হল থেকে বিশেষ র্যালির আয়োজন করা হয়। র্যালিটি টাউন হল থেকে শুরু হয়ে বীরহাটা ট্রাফিক গার্ডে গিয়ে শেষ হয়।
উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের ডিআইজি শ্রীহরি পাণ্ডে, পুলিশ সুপার এম. এস. পুষ্পা, বর্ধমান থানার আইসি, বর্ধমান দক্ষিণের বিধায়ক তথা শিল্প প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র এবং বনদপ্তরের ডিএফও-সহ প্রশাসনের আধিকারিকরা। পথ দুর্ঘটনা কমানো ও ট্রাফিক আইন মেনে চলার বার্তা দিতেই এই উদ্যোগ। পুলিশ সুপার জানান, সপ্তাহজুড়ে স্কুলে সচেতনতা কর্মসূচি ও পথনাটিকার মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করা হয়েছে।
3
ভক্তরা স্নান করে, শিবের মাথায় ঢালা জল পড়ে যে পুকুরে, সেই পবিত্র জলেই মিলেছে মদের বোতল
বর্ধমানের আলমগঞ্জের বর্ধমানেশ্বর মোটা শিব মন্দিরের পবিত্র পুকুরে মিলল মদের বোতল, ভাঙা কাচ ও আবর্জনা। এই পুকুরেই ভক্তরা স্নান করেন এবং শিবের মাথায় ঢালা জলও এসে পড়ে। রবিবার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ফাউন্ডেশনের ‘ক্লিন বর্ধমান, গ্রিন বর্ধমান’ উদ্যোগে পুকুর পরিষ্কার করতে গিয়ে এই দৃশ্য দেখা যায়।
সংগঠনের সদস্যরা নিজেদের ঝুঁকি নিয়ে মদের বোতল, কাচ ও অন্যান্য বর্জ্য পরিষ্কার করে ঘাটটি স্নানের উপযোগী করে তোলেন। পবিত্র পুকুরপাড়ে মদের আসর বসার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।
4
বর্ধমানে আশা ও স্বাস্থ্যকর্মীদের সম্মেলনে রাজ্যের ভূমিকার প্রশংসা মন্ত্রীর
বর্ধমান টাউন হলে আশা ও স্বাস্থ্যকর্মীদের এক বিশেষ সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ক্ষুদিরাম টুডু। তিনি জানান, বাঁকুড়া, পুরুলিয়া ও জঙ্গলমহলের মতো প্রান্তিক এলাকায় আশাকর্মীরা অক্লান্ত পরিশ্রম করে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিচ্ছেন। তাঁদের কাজের স্বীকৃতি হিসেবে মুখ্যমন্ত্রী ভাতা ও সম্মানদক্ষিণা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছেন। মন্ত্রীর দাবি, বর্তমান সরকার কর্মীদের কল্যাণে বাজেটে বরাদ্দ রেখেছে এবং আগামী দিনেও তাঁদের পাশে থাকবে।
5
পুরুলিয়া: একগুচ্ছ দাবি দাওয়া নিয়ে বামেদের জেল ভরো আন্দোলন পুরুলিয়ায়
শ্রম কোড বাতিল, বিদ্যুৎ আইন ২০০৩ বাতিল, ভিভি রামজী প্রকল্পে ২০০ দিনের কাজ, কৃষকদের ফসলের ন্যায্য দাম ও এমএসপি চালু-সহ একাধিক দাবিতে পুরুলিয়ায় জেল ভরো আন্দোলনে সামিল হলেন বাম সমর্থিতরা। সোমবার জুবিলি ময়দানে জমায়েতের পর ব্যানার-পোস্টার হাতে শহরে মিছিল করেন তাঁরা। পরে জেলাশাসক দপ্তর অভিযানে এগিয়ে যান বাম নেতা-কর্মীরা।
অভিযান ঘিরে আগে থেকেই জেলাশাসক দপ্তরের সামনে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় এবং একাধিক ব্যারিকেড তৈরি করা হয়। প্রথম ব্যারিকেড ভেঙে এগোলেও দ্বিতীয় ব্যারিকেডে আটকে যান বিক্ষোভকারীরা। সেখানেই অবস্থান-বিক্ষোভ শুরু করেন তাঁরা। বামেদের অভিযোগ, পুরুলিয়ায় এর আগে বহু বিক্ষোভ ও ডেপুটেশন হলেও এভাবে ওয়াটার ক্যানন ব্যবহারের ঘটনা খুব কমই দেখা গিয়েছে।


