মহালয়ার সকালে ৫০০০ তাল গাছ রোপণ | সংবিধান বাঁচাও গণমঞ্চের উদ্যোগে দুদিনের কর্মশালা

 

1
মহালয়ার সকালে ৫০০০ তাল গাছ রোপণ

দেবী পক্ষের সূচনা লগ্নে মিনাপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের পক্ষ থেকে যশপুর মিনাপুর গ্রামের শেষ প্রান্ত থেকে দোগাছিয়া গ্রাম পঞ্চায়েত পর্যন্ত নবনির্মিত রাস্তার দুদিকে দেড় কিলোমিটারেরও বেশি রাস্তার দুধারে ৫ হাজারেরও বেশি তালগাছ লাগানো হলো। গ্রামের অভিভাবক-অভিভাবিকা, বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি, সকলেই এই বিশেষ কর্মসূচীতে অংশগ্রহণ করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রসেনজিৎ সরকার বলেন, তালগাছ প্রকৃতি এবং পরিবেশের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। গাছের ধর্ম অনুযায়ী এই তালগাছ মাথা উঁচু করে দাঁড়াবেই। একদিন এই পথেই তাল গাছের সারির শোভা দেখা যাবে। এই বিদ্যালয়ের ছোট ছোট শিশুরা এদিন প্রভাতে আনন্দের সঙ্গে রাস্তার দুদিকে এই তালগাছ রোপণ করার জন্য মেতে ওঠে।

2
সংবিধান বাঁচাও গণমঞ্চের উদ্যোগে দুদিনের কর্মশালা

আমাদের দেশে প্রতিটি নাগরিকের জীবনকে সুরক্ষিত রাখার দায়িত্ব দেশের সরকারের। সেই দায়িত্ব যদি সরকার পালন না করে তাহলে তাদের দায়িত্ব পালনের ব্যাপারে সচেতন করা হবে। এই কাজ একদিকে যেমন জনপ্রতিনিধিরা নিজেরা করতে পারেন, তেমনই আবার অন্যদিকে বিভিন্ন গণসংগঠন এই দায়িত্ব পালন করতে পারে। সংবিধান বাঁচাও গণমঞ্চকে এই দায়িত্ব পালন করতে হবে বলে উল্লেখ করলেন বিশিষ্ট সমাজসেবী তথা পূর্ব বর্ধমান জেলা কংগ্রেসের অন্যতম নেতৃত্ব ও এই সংগঠনের পূর্ব বর্ধমানের সহ-সভাপতি ও মুখপাত্র শ্যামাদাস বন্দোপাধ্যায়। কলকাতায় অনুষ্ঠিত সংবিধান বাঁচাও গণমঞ্চের উদ্যোগে দুদিন ব্যাপী আয়োজিত এক কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে এই কথাগুলি বলেন শ্যামাদাস বন্দ্যোপাধ্যায়। কলকাতার পার্ক সার্কাসে আইভরি ইন সভাগৃহে আয়োজিত এই সভায় শ্যামাদাসবাবু বলেন, আমাদের দেশের প্রত্যেক নাগরিকের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান ও খাদ্য এই চারটি গুরুত্বপূর্ণ বিষয় অত্যন্ত প্রাসঙ্গিক। মানুষের বসবাস করার জন্য ঘরের প্রয়োজন। সুস্থ শরীরে বেঁচে থাকার জন্য প্রয়োজন খাদ্যের। আর নিজের শরীরকে সচল ও স্বাভাবিক রাখতে স্বাস্থ্যের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সরকারের উচিত প্রত্যেকটি নাগরিকের চিকিৎসা পরিষেবা ব্যবস্থাকে সঠিক রাখা। তিনি আরও বলেন, এক্ষেত্রে শিক্ষার বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী প্রজন্মের কাছে এই শিক্ষার বিষয়টিকে প্রাধান্য দিতে হবে। শিক্ষা গ্রহণের মধ্যে দিয়ে নিজেদের মানুষ করতে হবে, বড় করতে হবে। শ্যামাদাস বলেন, মানব কল্যাণে যেকোনো ভালো কাজে পাশে রয়েছে সংবিধান বাঁচাও মঞ্চ। আমরা চাই এই গণ সংগঠনের উদ্যোগে প্রতিটি কর্মসূচীকে সফল করে তুলতে। ভবিষ্যতে এই ধরনের কর্মশালার আয়োজন আবারও করা হবে।
এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর আব্দুস সাত্তার।