২৮ নভেম্বর বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চে সিপিআইএমের পূর্ব বর্ধমান জেলা কমিটির উদ্যোগে এক স্মরণ সভার আয়োজন করা হয়। ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদীর সাধারণ সম্পাদক প্রয়াত সীতারাম ইয়েচুরি এবং দলের প্রাক্তন পলিটব্যুরো সদস্য বুদ্ধদেব ভট্টাচার্য স্মরণে আয়োজিত এই সভায় বক্তব্য রাখেন দলের আরেক পলিটব্যুরোর সদস্য সূর্যকান্ত মিশ্র। তিনি বলেন, প্রয়াত তুই কমরেড সীতারাম ইয়েচুরি ও বুদ্ধদেব ভট্টাচার্যর জীবন দর্শন থেকে আমাদের শিক্ষা নিতে হবে। তারা জীবনে বামপন্থী মতাদর্শকে সামনে রেখে তাদের নিজেদের জীবনযাত্রাকে পরিচালনা করেছেন। যা আমাদের সকলের কাছে শিক্ষণীয়। সূর্যকান্ত বলেন, বুদ্ধদেব ভট্টাচার্য এই রাজ্যে মুখ্যমন্ত্রী থাকাকালীন এখানে নতুন কিছু করতে চেয়েছিলেন। তাই কৃষির পাশাপাশি শিল্পকে তিনি প্রাধান্য দিয়েছিলেন। যার মূল লক্ষ্য ছিল কর্মসংস্থান তৈরী করা। কিন্তু কিছু প্রতিক্রিয়াশীল শক্তি সেই কাজে বাধা দেয়। ফলে লক্ষ্য পূরণ করা সম্ভব হয়নি তখন। আজ বামপন্থীরা এখানে ক্ষমতায় নেই। কিন্তু বামপন্থী মতাদর্শকে এখনও মানুষ বিশ্বাস করেন ও আস্থা রাখেন। তাই এই মতাদর্শকে সামনে রেখেই আমাদের এগিয়ে যেতে হবে।


