বিশ্ব আদিবাসী দিবস পালন | মিনাপুর নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের ৮৬ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন | স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে বর্জ্য মুক্তি স্বাধীনতা অভিযান


1
বিশ্ব আদিবাসী দিবস পালন

পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী উন্নয়ন দপ্তরের উদ্যোগে এবং পূর্ব বর্ধমান জেলা প্রশাসন, পূর্ব বর্ধমান জেলা পরিষদ এবং কানলা ১ পঞ্চায়েত সমিতির আয়োজনে চার দিনব্যাপী বিশ্ব আদিবাসী দিবস উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ৭ই আগস্ট কালনা ১ নম্বর ব্লকের অন্তর্গত আটঘড়িয়া – সিমলন গ্রাম পঞ্চায়েতের অধীন আটঘড়িয়া ফুটবল ময়দানে এই উপলক্ষ্যে পুজো ও মেলার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী স্বপন দেবনাথ ও সিদ্দিকুল্লাহ চৌধুরী, জেলা সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, জেলাশাসক আয়েশা রাণী এ, জেলা পুলিশ সুপার সায়ক দাস, জেলা বনাধিকারিক সঞ্চিতা শর্মা প্রমুখ। এদিন প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে এই দিবস উদযাপনের সূচনা হয়। এ প্রসঙ্গে মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, আদিবাসীদের উন্নয়নে রাজ্য সরকার সবসময় সচেষ্ট রয়েছে। ২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসী উন্নয়নে নানান প্রকল্প গ্রহণ করেছেন এবং তা কার্যকর করেছেন। আগামী দিনও আদিবাসীদের পাশে থেকে রাজ্য সরকার সর্বতোভাবে তাদের সহযোগিতা করবে।

2
মিনাপুর নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের ৮৬ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন

পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ১ নম্বর ব্লকের অন্তর্গত মিনাপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের ৮৬ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয় ৭ অগস্ট। ১৯৪০ সালের এই দিনে বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। বিদ্যালয়ে শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা ইত্যাদির মাধ্যমে দিনটি উদযাপিত হয়। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও পূর্বস্থলী ১ ব্লক সঞ্জয় সেনাপতি, বিদ্যালয় পরিদর্শক কৃষ্ণকান্ত কীর্তনীয়া, বিদ্যালয়ের সভাপতি গোলাম নবী শেখ সহ এলাকার সকল অভিভাবক-অভিভাবিকাবৃন্দ। ছাত্র-ছাত্রী, বিদ্যালয়ের বর্তমান শিক্ষক-শিক্ষিকা প্রত্যেকেই এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সঙ্গীত, নাটক, নৃত্য, অভিনয় প্রত্যেকটি বিষয় নিয়েই এই সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ১৯৪০ সালে যারা বিদ্যালয়ের জমি দান করেছিলেন তাদের নামে এদিন ফলক স্থাপিত হয়। এলাকার একটি বিশেষ চায়ের দোকানে এদিন “বই গ্রাম” এই প্রকল্পের শুভ সূচনাও হয়। প্রকল্পটি এরকম, চা খেতে খেতে প্রত্যেকেই বই পড়বেন। খানিকটা সময় হলেও ভিন্ন আলোচনা করবেন। সাথে খবরের কাগজে থাকবে। গোটা বিষয় নিয়ে এই দিনটি উদযাপন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রসেনজিৎ সরকার বলেন, আমরা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস পালন করি। ছাত্রছাত্রীদের কাছে এই দিনটির তাৎপর্যের কথা তুলে ধরা হয়। শিক্ষক-শিক্ষিকারা প্রত্যেকেই এই দিনটি বিশেষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। যাদের হাত ধরে এই বিদ্যালয় গড়ে উঠেছিল আমরা তাদের প্রত্যেককে আমাদের সশ্রদ্ধ প্রণাম জানাই।

3
স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে বর্জ্য মুক্তি স্বাধীনতা অভিযান

পূর্ব বর্ধমান জেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংস্থা স্টার্টআপ ফাউন্ডেশন-এর উদ্যোগে রাজ্যজুড়ে বর্জ্য মুক্তির স্বাধীনতা শীর্ষক অভিযান চলছে। এই অভিযানের অংশ হিসেবে বর্ধমান শহরের তেজগঞ্জ উচ্চ বিদ্যালয় এবং পোলবা মহাবিদ্যালয়ে বর্জ্য সংগ্রহ অভিযানের আয়োজন করা হয়। এই কর্মসূচীতে তেজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রায় অর্ধশতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। তারা ৪০ কেজিরও বেশি বৈদ্যুতিক সহ অন্যান্য কঠিন বর্জ্য এই সংস্থার হাতে তুলে দেয়। এই স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষে পার্থপ্রতিম মিত্র বলেন, আমাদের চারপাশে দিন দিন বর্জ্য বাড়ছে। এর মধ্যে দিয়ে আমরা ক্রমশ দূষণের দাসত্বে বাঁধা পড়ছি। তাই পরিবেশের সুরক্ষায় বর্জ্য ব্যবস্থাপনায় গুরুত্ব দেওয়া অত্যন্ত প্রয়োজন। এ বিষয়ে বিদ্যালয় প্রধান শিক্ষক সন্দীপ চক্রবর্তী জানান, এখানে ছাত্রছাত্রীরা পরিবেশ রক্ষায় সচেতন রয়েছে। তাদের আরও বেশি করে এই সচেতনতা বোধ জাগিয়ে তোলার জন্য বিদ্যালয়ের শিক্ষক প্রতনু রক্ষিতের ব্যবস্থাপনায়, এই কর্মসূচীর আয়োজন করা হয়। আমরা আশাবাদী ছাত্রছাত্রীরা এর মধ্যে দিয়ে পরিবেশ সুরক্ষার কাজে নিজেদের আরও বেশি করে সম্পৃক্ত করতে পারবে।