বর্ধমানে জঈশ জঙ্গি ধৃত, তৃণমূল নেতা গ্রেপ্তার | আজকের ৯ বড় খবর

1
বর্ধমানের রেনেসাঁ উপনগরী থেকে ধৃত জঈশ জঙ্গি হামিদ মন্ডল

পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের রেনেসাঁ উপনগরী থেকে জঙ্গি সন্দেহে ধরা পড়লো হামিদ মন্ডল নামে এক যুবক। এই উপনগরী থেকে রাতে তাকে গ্রেপ্তার করে এসটিএফ। স্থানীয় রোহিনী বিল্ডিংয়ের তিনতলায় সপরিবারে থাকতো এই জঙ্গি। শুক্রবার তাকে বর্ধমান আদালতে পেশ করে এসটিএফ। আদালত এই ধৃতকে ১৪ দিনের পুলিশী হেফাজতের নির্দেশ দিয়েছে।
সূত্র মারফত জানা গেছে, কাশ্মীরের পুলওয়ামা কান্ডে প্রধান অভিযুক্ত সাজাদ ভাটের অন্যতম ঘনিষ্ঠ এই হামিদ মন্ডল। এসটিএফ তার কাছ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর লোকেশন ফলো করার চার্ট পেয়েছে মোবাইলে বলে জানা গেছে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় অত্যন্ত আশঙ্কায় রয়েছেন রেনেসাঁ উপনগরীর বাসিন্দারা। এখানে একটি ভাড়া বাড়িতে হামিদ থাকতো বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তার মতো একজন জঙ্গি ধরা পড়ায় এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।
প্রসঙ্গত, ২০১৪ সালের ২ অক্টোবর বর্ধমানের খাগড়াগড়ে বোমা বিস্ফোরণে জঙ্গি যোগের অভিযোগ ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে আলোড়িত হয় রাজ্য রাজনীতি। আবারও এই খাগড়াগড় থেকে মাত্র দু কিলোমিটার দূরে বর্ধমানের রেনেসাঁ উপনগরী থেকে জঙ্গি ধরা পড়ার ঘটনায় এই শহর তথা জেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

1
সল্টলেকে এ ই ব্লকের বাড়ি থেকে দম্পতির মৃতদেহ উদ্ধার

সল্টলেকের একটি বাড়ি থেকে এক দম্পতির মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। মৃত দম্পতিকে ঘরের ভিতর খাটের উপর পড়ে থাকতে দেখা যায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তাদের ছেলে বাড়িতে ছিলেন না। সকালে তিনি ফোন করলেও কেউ ফোন ধরেননি। এরপর তিনি পাশের বাড়িতে ফোন করেন। সেই প্রতিবেশী এসে দেখেন ঘরে তালা দেওয়া। বেল বাজালেও কেউ দরজা খুলছে না। এরপর তার ছেলে বাড়িতে এসে তালা খুলে দম্পতির মৃতদেহ দেখতে পান। খবর দেওয়া হয় বিধাননগর থানায়। পুলিশ এসে তাদের দেহ উদ্ধার করে নিয়ে যায়। জানা গেছে, মৃত মহিলা ক্যান্সারে ভুগছিলেন। এর পাশাপাশি তাদের অর্থনৈতিক সমস্যাও ছিল। পুলিশের প্রাথমিক অনুমান বিষ খেয়েই তারা আত্মহত্যা করেছেন। একটি বিষের বোতল ঘর থেকে উদ্ধার হয়েছে। মৃত দম্পতির নাম সজল কুমার কুন্ডু ও রঞ্জনা কুন্ডু।

2
বিগত সরকারের আমলে ট্যাক্স আদায়ে ঘাটতি ছিল, দাবি পঞ্চায়েত মন্ত্রীর

বারাসাতের রবীন্দ্রভবনে এক অনুষ্ঠানে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ দাবি করেন, বিগত সরকারের আমলে পঞ্চায়েতে ট্যাক্স আদায়ে ঘাটতি ছিল এবং সাধারণ মানুষের দেওয়া ট্যাক্সের অর্থ দালালদের হাতে চলে যেত।

মন্ত্রী জানান, ভালো কাজ করা সেল্ফ হেল্প গ্রুপগুলিকে ‘লাখপতি দিদি’ প্রকল্পের আওতায় ঋণ দেওয়া হবে। তবে ঋণের অডিটে অসঙ্গতি ধরা পড়লে সেই গ্রুপকে বাতিল করা হবে।

তিনি আরও জানান, আগামী ১ আগস্ট উত্তর ২৪ পরগনার সমস্ত পঞ্চায়েত নিয়ে রিভিউ বৈঠক হবে। গ্রাম পঞ্চায়েতগুলির কাজের মূল্যায়ন করে সাধারণ মানুষ যাতে সঠিক পরিষেবা পান, তা নিশ্চিত করা হবে।

3
ভোট-পরবর্তী হিংসার মামলায় গ্রেপ্তার তৃণমূল নেতা গৌতম সাঁতরা

খড়দহ পৌরসভার উপ-পৌরপ্রধান সায়ন মজুমদারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তৃণমূল নেতা গৌতম সাঁতরাকে ভোট-পরবর্তী হিংসার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে বারাকপুর আদালতে তোলা হলে বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখিয়ে ডিম ও পচা টমেটো ছোড়েন। বিজেপির অভিযোগ, গৌতম সাঁতরা এলাকায় দীর্ঘদিন ধরে ত্রাসের পরিবেশ তৈরী করেছিলেন। বহু মানুষের উপর অত্যাচার করেছেন। বিধানসভা নির্বাচনে মানুষ তাদের জবাব দিয়েছেন।

4
পুরুলিয়ায় বেআইনি টোটোর বিরুদ্ধে কড়া অভিযান, বাড়ল ‘ওয়ান-ওয়ে’ এলাকা

পুরুলিয়া শহরে যানজট নিয়ন্ত্রণ ও পথ নিরাপত্তা নিশ্চিত করতে বেআইনি ই-রিকশা বা টোটোর বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে পুরুলিয়া জেলা পুলিশ, আঞ্চলিক পরিবহণ কর্তৃপক্ষ ও পুরুলিয়া পৌরসভা।

অভিযানের আগে শহরের বিভিন্ন এলাকায় মাইকিং করে জানানো হয়, নম্বর প্লেট ও বৈধ রেজিস্ট্রেশন ছাড়া কোনও টোটো রাস্তায় চলতে পারবে না। দ্রুত রেজিস্ট্রেশন সম্পন্ন করার নির্দেশও দেওয়া হয়েছে চালক ও মালিকদের।

এছাড়াও যানজট কমাতে পুরুলিয়া শহরের বিদ্যমান ‘ওয়ান-ওয়ে’ ট্রাফিক ব্যবস্থার পরিধি আরও বাড়ানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

5
যুবসমাজকে নেশামুক্ত করার বার্তা নিয়ে জেলা স্তরের প্রতিযোগিতা ১ অগাস্ট

যুবসমাজকে নেশামুক্ত জীবনযাপনে উৎসাহিত করতে এবং শিল্প-সংস্কৃতির সঙ্গে যুক্ত করার লক্ষ্যে ১ অগাস্ট জেলা স্তরের প্রতিযোগিতার আয়োজন করেছে মেরা যুব ভারত (মাই ভারত), পূর্ব বর্ধমান। বর্ধমান মডেল স্কুলের সহযোগিতায় এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে জেলা কর্মসূচি সমন্বয়কারী সুজন ঠাকুর জানান, ১৫ থেকে ২৯ বছর বয়সীরা অংশ নিতে পারবেন। প্রতিযোগিতা হবে লোকসংগীত, লোকনৃত্য, পথনাটক, পোস্টার, রিল, বিতর্ক, স্লোগান রচনা ও স্বরচিত কবিতা-সহ মোট আটটি বিভাগে।

6
কাউন্সিলররা পৌর পরিষেবা না দিলে ভাতা বন্ধ করুন, বর্ধমান পৌরসভার চেয়ারম্যানের কাছে তীব্র ক্ষোভ প্রকাশ বিজেপির

পৌর পরিষেবার দাবিতে বৃহস্পতিবার বর্ধমান পৌরসভার বোর্ড মিটিং চলাকালীন চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকারের কাছে স্মারকলিপি জমা দেন বিজেপি কর্মী-সমর্থকেরা। তাঁদের দাবি, যে কাউন্সিলররা ন্যূনতম পৌর পরিষেবা দিতে ব্যর্থ, তাঁদের ভাতা বন্ধ করা হোক।

বিজেপির অভিযোগ, শহরের একাধিক ওয়ার্ডে রাস্তা, ড্রেন, পানীয় জল ও আলোর মতো মৌলিক পরিষেবার বেহাল দশা। বারবার অভিযোগ জানিয়েও সমস্যার সমাধান হচ্ছে না, অথচ কাউন্সিলররা নিয়মিত ভাতা পাচ্ছেন।

ঘটনাকে ঘিরে পৌরসভায় চাঞ্চল্য ছড়ায়। চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার বলেন, “বিষয়টি আমার ঠিকঠাক জানা নেই। ওনারা শহরের উন্নয়ন নিয়ে বলেছেন।”

7
প্রাইমারি স্কুলে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা, গ্ৰেপ্তার অভিযুক্ত তৃণমূল নেতা

প্রাইমারি স্কুলে চাকরি দেওয়ার নাম করে ১১ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হলেন কালনা ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি প্রণব রায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কালনা থানার বাসিন্দা শুভদীপ মজুমদারের অভিযোগ, প্রণব রায় ও সুশোভন হালদার চাকরির প্রতিশ্রুতি দিয়ে তাঁর কাছ থেকে ১১ লক্ষ টাকা নেন, কিন্তু চাকরি দেননি। বৃহস্পতিবার অভিযুক্তকে কালনা মহকুমা আদালতে তোলা হয়।

প্রণব রায় দাবি করেন, তাঁকে রাজনৈতিক প্রতিহিংসাবশত মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। অন্যদিকে কালনার বিধায়ক সিদ্ধার্থ মজুমদার বলেন, দুর্নীতির অভিযোগের ভিত্তিতেই পুলিশ ব্যবস্থা নিয়েছে, এর সঙ্গে তাঁদের কোনও সম্পর্ক নেই।

9

মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই মিড-ডে মিলে ডিম, খুশি পড়ুয়ারা

মুখ্যমন্ত্রীর ঘোষণার পর থেকেই রাজ্যের সরকারি স্কুলগুলির মিড-ডে মিলে ডিম দেওয়া শুরু হয়েছে। পুরুলিয়ার বিভিন্ন স্কুলের মতো মুন্সিরডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়েও এদিন পড়ুয়াদের পাতে ডিম তুলে দেওয়া হয়।

ডিম পেয়ে খুশি ছাত্র-ছাত্রীরা। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন স্কুলের শিক্ষক-শিক্ষিকারাও। বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, এতে পড়ুয়াদের পুষ্টির মান আরও উন্নত হবে।