বর্ধমানের কঙ্কালেশ্বরী কালী মন্দির সংলগ্ন নবনীড় বৃদ্ধাশ্রমের পরিচালনার দায়িত্ব গ্রহণ করলেন মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র

বর্ধমানের কঙ্কালেশ্বরী কালী মন্দির সংলগ্ন নবনীড় বৃদ্ধাশ্রমের পরিচালনার দায়িত্ব গ্রহণ করলেন মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র

জেলার বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়িকা তথা রাজ্যের শিল্পপ্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্রের হাতে তুলে দেওয়া হলো প্রাক্তন তৃণমূলের বিধায়ক খোকন দাসের এলাকায় কাঞ্চননগরের রথতলায় অবস্থিত কঙ্কালেশ্বরী কালী মন্দির সংলগ্ন নবনীড় বৃদ্ধাশ্রমের পরিচালনার দায়িত্ব। ১৪ জুন বৃদ্ধাশ্রমের সভাঘরে এই উপলক্ষ্যে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।
বৃদ্ধাশ্রম পরিচালন কমিটির সদস্যরা বৈঠকে উপস্থিত থেকে সর্বসম্মতিক্রমে প্রতিষ্ঠানটি পরিচালনার দায়িত্ব মৌমিতা বিশ্বাস মিশ্রের হাতে অর্পণ করেন। যদিও সভার বিষয়ে আগাম জানানো হলেও কমিটির কয়েকজন সদস্য এদিন উপস্থিত ছিলেন না বলে জানা গেছে।
দায়িত্ব গ্রহণের আগে শিল্পপ্রতিমন্ত্রী কঙ্কালেশ্বরী কালী মন্দিরে পুজো দিয়ে মায়ের আশীর্বাদ গ্রহণ করেন। পরে তিনি বৃদ্ধাশ্রমের আবাসিকদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যার বিষয়েও খোঁজখবর নেন।
সভায় নবনীড় বৃদ্ধাশ্রমের বর্তমান অবস্থা, পরিকাঠামোগত উন্নয়ন, আবাসিকদের স্বাস্থ্য ও অন্যান্য প্রয়োজনীয় পরিষেবা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বর্তমানে এই বৃদ্ধাশ্রমে ৬৭ জন প্রবীণ বাসিন্দা রয়েছেন, যার মধ্যে ৬ থেকে ৭ জন প্রতিবন্ধী বলে জানা গেছে।
শিল্পপ্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র আশ্রমের উন্নয়ন ও সুষ্ঠু পরিচালনার জন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তাঁর হাতে পরিচালনার দায়িত্ব অর্পিত হওয়ায় বৃদ্ধাশ্রমের পরিকাঠামো, পরিষেবা এবং আবাসিকদের জীবনযাত্রার মান আরও উন্নত হবে বলে আশাবাদী পরিচালনা কমিটির সদস্যরা।এদিনের সভায় পরিচালনা কমিটির সদস্যদের পাশাপাশি এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন। সভায় এখানে ১০ টাকার বিনিময়ে ভাত খাবার যে ব্যবস্থা ছিল তা নিয়েও আলোচনা হয়।