পূর্ত দপ্তরের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে সিআইটিইউ-এর বিক্ষোভ, ডেপুটেশন


পূর্ত দপ্তরের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে সিআইটিইউ-এর বিক্ষোভ, ডেপুটেশন

পূর্ত দপ্তরের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে শুক্রবার বিকেলে পূর্ব বর্ধমান জেলার মেমারিতে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচী
পালন করলো সিআইটিইউ-এর মেমারি ১ পূর্ব ও পশ্চিম এরিয়া সমন্বয় কমিটি। চকদিঘী মোড় থেকে শুরু হওয়া প্রতিবাদ মিছিল শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে পিডব্লিউডি অফিসে পৌঁছোয়। সেখানে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় এবং পরে পিডব্লিউডি-র অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের হাতে ডেপুটেশন তুলে দেওয়া হয়।সভায় বক্তব্য রাখেন পীযূষ বিশ্বাস ও সনৎ ব্যানার্জী। উপস্থিত ছিলেন সঞ্জয় গুঁই, কৃষাণু ভদ্র, হাসিবুল মণ্ডল, অনিল মুখার্জী সহ অন্যান্য নেতৃত্ব। মিছিলের জেরে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও মেমারি থানার পুলিশের তৎপরতায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়। পিডব্লিউডি-র অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার জানান, ডেপুটেশনটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। সম্প্রতি মাইকিং করে সম্ভাব্য উচ্ছেদ অভিযান ঘোষণার প্রতিবাদেই এই কর্মসূচী অনুষ্ঠিত হয় মেমারিতে।