পুরুলিয়ায় অবৈধ লটারি চক্রে ৭ গ্রেপ্তার, বর্ধমানে ভাঙল ২ ব্যারিকেড | সৌরভকে হুমকি | আজকের ৮ বড় খবর

1
পুরুলিয়ায় অবৈধ লটারি ও জাল টিকিট চক্রের পর্দাফাঁস, পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার ৭

পুরুলিয়া শহরে অবৈধ লটারি ও জাল টিকিটের কারবারের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে পুরুলিয়া জেলা পুলিশের ডিইবি-র ডিএসপি ও পুরুলিয়া টাউন থানার আইসির নেতৃত্বে যৌথ বাহিনী শহরের বিভিন্ন লটারি বিক্রির কেন্দ্র ও সম্ভাব্য আস্তানায় অভিযান চালায়। সেখান থেকে সাতজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে অসঙ্গতি মেলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

2
শব্দদূষণ রুখতে কড়া বলরামপুর পুলিশ, ৩টি ডিজে সাউন্ড সিস্টেম বাজেয়াপ্ত

শ্রাবণ মাসের চতুর্থ রবিবার বোলবোম যাত্রায় শব্দদূষণ রুখতে অভিযান চালিয়ে ৩টি ডিজে সাউন্ড সিস্টেম বাজেয়াপ্ত করল বলরামপুর থানার পুলিশ। গোপন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে একাধিক ডিজের মালিক ও চালককেও আটক করা হয়েছে। বাগমুন্ডির লহরিয়া শিব মন্দিরের উদ্দেশ্যে যাওয়ার আগেই ডিজেগুলি বাজেয়াপ্ত করা হয়।

3
ছৌ, ঝুমুর ও নাটুয়া নাচে মেতে ‘হর ঘর তেরঙ্গা’ পুরুলিয়ায়

‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচিকে কেন্দ্র করে পুরুলিয়া শহরে বর্ণাঢ্য সাংস্কৃতিক র‍্যালি অনুষ্ঠিত হয়। জেলাশাসকের দপ্তর থেকে শুরু হওয়া এই শোভাযাত্রায় প্রশাসনিক আধিকারিক, পুলিশকর্মী ও পড়ুয়াদের পাশাপাশি অংশ নেন স্থানীয় শিল্পীরা। ছৌ, ঝুমুর ও নাটুয়া নাচের মাধ্যমে পুরুলিয়ার লোকসংস্কৃতি তুলে ধরে জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা জানান শিল্পীরা।

4
কেন্দ্রের ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচীতে এই প্রথম আনুষ্ঠানিক ভাবে সামিল হলো পশ্চিমবঙ্গ সরকার

স্বাধীনতা দিবসকে সামনে রেখে সোমবার কলকাতায় ‘তেরঙ্গা যাত্রা’র নেতৃত্ব দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গোষ্ঠ পাল সরণি থেকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের উত্তরফটক পর্যন্ত এই মিছিলে মন্ত্রী, বিধায়ক ও হাজার হাজার সাধারণ মানুষ অংশ নেন।

শোভাযাত্রা শেষে মুখ্যমন্ত্রী জানান, চলতি বছর থেকে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালিত হবে। স্বাধীনতা দিবস উপলক্ষে রাজ্যজুড়ে ৭০ লক্ষ জাতীয় পতাকা বিতরণ করা হবে। ১৫ আগস্ট বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের আবেদন জানান তিনি।

5
প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে ইঁট-কাদা ছোড়ার অভিযোগ, ঘটনার প্রতিবাদে কলকাতার বিভিন্ন প্রান্তে তৃণমূলের মিছিল

হালিশহরে তৃণমূল কর্মীর মৃত্যুকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়ল। অভিযোগ, ঘটনার পর হালিশহরে যাওয়ার পথে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি লক্ষ্য করে স্লোগান, ইঁট ও কাদা ছোড়া হয়।

ঘটনার প্রতিবাদে সোমবার কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় পথে নামে তৃণমূল। গড়িয়াহাটেও কাউন্সিলর চৈতালি চট্টোপাধ্যায়ের নেতৃত্বে মিছিল হয়। মিছিল থেকে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা ও মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।

6
সৌরভ গঙ্গোপাধ্যায় ও পরিবারের উদ্দেশ্যে হুমকি চিঠি, থানায় অভিযোগ

ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ও তাঁর পরিবারের উদ্দেশ্যে হুমকি চিঠি আসার অভিযোগ উঠেছে। গত দু’মাস ধরে এমন চিঠি আসছিল বলে অভিযোগ। সম্প্রতি ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার।

অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। চিঠিতে কী লেখা ছিল, কারা পাঠিয়েছে এবং এর পিছনে কারণ কী, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

7
মসজিদে মাইক বন্ধ, জামায়েত-ই-উলেমাকে মিছিলের অনুমতি হাইকোর্টের

মসজিদের মাইক বন্ধের প্রতিবাদে জামায়েত-ই-উলেমাকে শর্তসাপেক্ষে মিছিলের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। রাজাবাজার থেকে মৌলালি পর্যন্ত সর্বোচ্চ ৭৫০ জনকে নিয়ে ১১টা ৩০ মিনিট থেকে এক ঘণ্টা কর্মসূচি করতে পারবে সংগঠনটি।

আদালতের নির্দেশ, মিছিলে মাইক ব্যবহার করা যাবে না। পর্যাপ্ত পুলিশ মোতায়েন রাখতে হবে এবং যান চলাচলের জন্য রাস্তার একপাশ খোলা রাখতে হবে। আগামী ১১ অগস্ট মিছিলের অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন সংগঠনের পক্ষে আবদুল সামাদ।

8
তিনটি ব্যারিকেডের মধ্যে দুটি ব্যারিকেড ভেঙে চুরমার ! বর্ধমানের বাদামতলায় হাজার হাজার কৃষক-শ্রমিক

কেন্দ্রের নীতি ও বিভিন্ন দাবির প্রতিবাদে সোমবার বর্ধমান শহরে পথে নামলেন কৃষক, ক্ষেতমজুর, শ্রমিক ও বস্তিবাসীরা। সিআইটিইউ, সর্বভারতীয় কৃষক সভা, ক্ষেতমজুর ফেডারেশন ও বস্তি ইউনিয়নের উদ্যোগে বর্ধমান স্টেশন থেকে মিছিল শুরু হয়।

বাদামতলায় সভাস্থলের পথে পুলিশের একাধিক ব্যারিকেড থাকলেও আন্দোলনকারীরা পরপর দুটি ব্যারিকেড ভেঙে এগিয়ে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল পুলিশ বাহিনীর পাশাপাশি জলকামানও প্রস্তুত রাখা হয়েছিল।

সভায় সর্বভারতীয় কৃষক সভার সহ-সভাপতি অমল হালদার দাবি করেন, ছাত্র আন্দোলনে পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে দেশের প্রায় ৫০০টি জায়গায় আইন অমান্য আন্দোলন চলছে। রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও তিনি আক্রমণ করেন।