নলকূপের জলে বিষক্রিয়া! অসুস্থ ৩, চাঞ্চল্য মানবাজারে

নলকূপের জলে বিষক্রিয়া! অসুস্থ ৩, চাঞ্চল্য মানবাজারে

পুরুলিয়ার মানবাজার ১ নম্বর ব্লকের কেন্দা থানার ডাকাকেন্দু গ্রামে নলকূপের পানীয় জলে বিষক্রিয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার নলকূপের আশপাশে নীল রঙের দানা এবং জলের রং নীলচে দেখতে পেয়ে সন্দেহের সৃষ্টি হয়। অভিযোগ, কেউ নলকূপের হাতলের ফাঁক দিয়ে বিষাক্ত পদার্থ ঢেলে দিয়েছে।

সেই জল পান করে অসুস্থ হয়ে পড়েন গ্রামের বাসিন্দা নির্মল মাহাতো-সহ মোট তিনজন। নির্মল মাহাতোকে প্রথমে মানবাজার গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়, পরে অবস্থার অবনতি হলে তাকে পুরুলিয়ার দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

ঘটনার খবর পেয়ে জেলা স্বাস্থ্য দপ্তরের মেডিকেল টিম ও কেন্দা থানার পুলিশ গ্রামে পৌঁছে তদন্ত শুরু করেছে। জল পরীক্ষার পাশাপাশি ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে। দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি তুলেছেন গ্রামবাসীরা।