দলের কর্মীদের কাছে সুস্থ ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখার বার্তা মৌমিতার
২০২৬ এর বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পর ভারতীয় জনতা পার্টির অনেক কর্মী সমর্থক আবেগ ও উচ্ছ্বাসের বশে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ উঠেছে। কিছু কিছু জায়গায় তৃণমূলের কর্মী সমর্থকরা আক্রান্ত হয়েছেন ও তাদের দলীয় কার্যালয় ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ধরনের পরিস্থিতি যাতে কোনোভাবেই না ঘটে, তারজন্য দলের কর্মী সমর্থকদের কাছে আহ্বান জানালেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বিজেপির বিজয়ী প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্র। আর সাংবাদিক সভায় তিনি বলেন, আমি দলের কর্মী সমর্থকদের কাছে অনুরোধ করবো তারা যেন সুস্থ ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখেন। কোনোভাবেই সাধারণ মানুষের যাতে কোনো সমস্যা তৈরী না হয় সেই বিষয়টিকে গুরুত্ব দিতে হবে। এক্ষেত্রে প্রশাসনের কাছেও আমার অনুরোধ, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তারা যেন কড়া পদক্ষেপ গ্রহণ করেন। মৌমিতা বলেন, আমরা যারা ভারতীয় জনতা পার্টি করি, তাদের মানুষের প্রতি দায়বদ্ধতা রয়েছে। আমরা সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে পথচলি। সাধারণ মানুষের পাশে থেকে তাদের জন্য কাজ করি। আমি বিধায়ক হিসেবে নির্বাচিত হওয়ার পর যে প্রতিশ্রুতি দিয়েছি সাধারণ মানুষকে, আমি তাদের কাছে গিয়ে সেই প্রতিশ্রুতি পালনে অবশ্যই সচেষ্ট থাকবো। আমাদের লক্ষ্য হলো, সকলকে সঙ্গে নিয়ে নিজেদের দেওয়া প্রতিশ্রুতিকে রক্ষা করা। সেই কাজ আমরা অবশ্যই করবো। একই সঙ্গে মৌমিতা বলেন, আমি বিরোধী দলের কাছেও অনুরোধ করবো, তারা যেন কোনোভাবে কোনো গুজব না ছড়ান। তাদের কোথাও যদি কোনো সমস্যা হয়, তারা আমাদের জানান। আমরা অবশ্যই তাদের পাশে থাকবো। প্রয়োজন হলে প্রশাসনের কাছে তারা তাদের কথা বলুন। প্রশাসন নিশ্চয়ই ব্যবস্থা নেবে। কিন্তু কোনো ভাবেই মানুষকে বিভ্রান্ত করবেন না, বিভ্রান্তি ছড়াবেন না। মানুষকে বিপথে পরিচালিত করবেন না। সুস্থ ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে আপনারাও দায়বদ্ধ থাকুন। আপনাদেরও দায়িত্ব রয়েছে।


