জামালপুরে চকদীঘিতে হনুমানজির পুজোকে কেন্দ্র করে সম্প্রীতির পরিবেশ গড়ে উঠেছে
পূর্ব বর্ধমান জেলার জামালপুরে চকদিঘী অঞ্চলে চকদীঘির আমবাগান এলাকায় হনুমানজির পুজোয় মাতলেন এলাকার বাসিন্দারা। ৯ ডিসেম্বর থেকে শুরু হয়ে চারদিন চলবে এই পুজো। এই পুজোকে কেন্দ্র করে এখানে একটা সম্প্রীতির পরিবেশ পরিলক্ষিত হয়। হনুমানজির এই পুজোর উদ্বোধন করেন তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান। সঙ্গে ছিলেন ওই অঞ্চলের অঞ্চল সভাপতি তথা পঞ্চায়েত সদস্য আজাদ রহমান ও পঞ্চায়েতের উপ প্রধান পার্থ প্রতিম শেঠ সহ অন্যান্যরা। পুজোর উদ্বোধন করে মেহেমুদ খান বলেন, এখানে এই পুজোর উদ্বোধন করতে এসে তার খুবই ভালো লাগছে। তিনি উদ্যোক্তাদের ধন্যবাদ জানান তাকে আমন্ত্রণ জানানোর জন্য। যেকোনো পূজোতেই জামালপুরে এই সম্প্রীতির আবহ দেখতে পাওয়া যায়। তিনি বলেন, এটাই পশ্চিমবঙ্গের চিত্র। এখানে কোনো ধর্মীয় গোঁড়ামি নেই। সকল ধর্মের মানুষ একে অন্যের পুজো বা উৎসবে অংশ নেন। আজাদবাবু বলেন, এই পুজো চারদিন ধরে চলবে । এই উপলক্ষ্যে এখানে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ভক্তদের ও সাধারণ মানুষকেও এখানে ভোগ খাওয়ানোর ব্যবস্থা করা হয় বলে জানা গেছে।


