জনকল্যাণ পরিষেবা পরিদর্শনে পূর্ব বর্ধমানের জেলাশাসক শ্বেতা আগরওয়াল
সারা রাজ্যের সঙ্গে পূর্ব বর্ধমান জেলাতেও সাধারণ মানুষের কাছে বিভিন্ন সরকারি প্রকল্প ও পরিষেবার সুবিধা পৌঁছে দিতে ১৫ জুন থেকে শুরু হলো বিশেষ জনকল্যাণ পরিষেবা শিবির। রাজ্যে সরকারের উদ্যোগে আয়োজিত এই তিনদিনব্যাপী কর্মসূচীকে ঘিরে প্রথম দিনেই ব্যাপক সাড়া মিললো পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরে। বর্ধমান পৌরসভার টাউন হল চত্বরে সকাল থেকেই সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। বিভিন্ন সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য, আবেদনপত্র জমা, সমস্যার সমাধান এবং পরিষেবা গ্রহণের জন্য বহু মানুষ এই শিবিরে উপস্থিত হন। আগামী ১৭ জুন পর্যন্ত এই বিশেষ পরিষেবা শিবির চলবে। বর্ধমান শহরের টাউন হল ছাড়াও কল্পতরু মাঠ সহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় এই শিবিরের আয়োজন করা হয়েছে, যাতে শহর ও সংলগ্ন এলাকার মানুষরা সহজেই সরকারি পরিষেবার সুবিধা নিতে পারেন। বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা শিবিরে উপস্থিত থেকে সাধারণ মানুষের আবেদন গ্রহণ ও সমস্যার সমাধানে কাজ করছেন।
প্রথম দিনেই বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি এই উদ্যোগের গুরুত্বকে আরও বাড়িয়ে তুলেছে। বহু মানুষ জানান, এক ছাদের তলায় বিভিন্ন সরকারি পরিষেবার সুযোগ পাওয়ায় তাদের সময় ও শ্রম উভয়ই বাঁচছে। বিশেষ করে প্রবীণ নাগরিক, মহিলা এবং দূরবর্তী এলাকা থেকে আসা মানুষেরা এই শিবির থেকে উপকৃত হচ্ছেন।
এদিন পরিষেবা প্রদানের কাজ সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে শিবির পরিদর্শনে আসেন পূর্ব বর্ধমানের জেলাশাসক শ্বেতা আগরওয়াল। তিনি বিভিন্ন কাউন্টার ঘুরে দেখেন, পরিষেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেন। মানুষের কাছে দ্রুত ও স্বচ্ছভাবে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানান জেলাশাসক।



